সবচেয়ে দীর্ঘজীবী কুকুর হিসেবে আলোচনায় আসা ববি মারা গেছে সপ্তাহ খানেক আগে। তার বয়স ৩১ বছর দাবি করা হলেও সংশয় প্রকাশ করেছেন পশুবিজ্ঞানীদের কেউ কেউ। খবর দ্য স্ট্রেইটস টাইমস।

মার্কিন পশু চিকিৎসক ক্যারেন বেকার দাবি করেছেন, ববিই বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৩১ বছর ১৬৫ দিন। তবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এ দাবির সঠিকতা খতিয়ে দেখছে।

কুকুরের ৩১ বছরকে মানুষের জীবনচক্রের ৩১ বছর ভাবলে ভুল হবে। তার সঙ্গে তুলনা করতে হবে একজন মানুষের ২০০ বছর বেঁচে থাকার সঙ্গে। তারপরই প্রশ্ন আসে, এত বছর বাঁচা সম্ভব কিনা? সম্প্রতি পশু চিকিৎসকদের এমন প্রশ্নের ভিত্তিতেই মূলত তদন্তের দাবি তুলেছে রেকর্ডস সংস্থাটি।

১৯৯২ সালে লিরিয়া পৌরসভার পশু হাসপাতালে ববির জন্ম নিবন্ধন করা হয়। তবে এ সব ক্ষেত্রে আলাদা কোনো সনদ বা সাক্ষির মাধ্যমে প্রাণীর নিবন্ধন হয় না। বরং পোষা প্রাণীর বয়স নির্ধারণের জন্য মালিকের প্রত্যয়নই যথেষ্ট।

পর্তুগিজ রেফারিও দো আলেন্তেজো প্রজাতির কুকুর ববি। সাধারণত এ প্রজাতির চারপেয়ের গড় আয়ু ১২-১৪ বছর।

যুক্তরাজ্যের পশু সার্জনদের সংগঠন রয়াল কলেজ অব ভেটেরিনারির চিকিৎসক ড. ড্যানি চেম্বার্স বলেছেন, আমরা কেউই বিশ্বাস করি না যে ববির বয়স ছিল ৩১ বছর।

১৯৯৯ সালে অনলাইনে প্রকাশিত একটি ছবি যাচাই করে দেখা যায়, গত ২১ অক্টোবর মারা যাওয়া ববির সঙ্গে শরীরের রঙের গড়মিল রয়েছে। এ তথ্য দিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের এক মুখপাত্র। তিনি বলেন, আমরা ববির বয়স নিয়ে উঠা প্রশ্নগুলো নিয়ে অবহিত হয়েছে। এ ব্যাপারে অনুসন্ধান করছি।