ইরান সফরকালে হত্যার শিকার হয়েছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিলেন এই হামাস নেতা। তার হত্যার বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেন, হানিয়ার মৃত্যুর প্রতিশোধ নেয়া তেহরানের কর্তব্য।
ইসমাইল হানিয়ার মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করেছেন নতুন প্রেসিডেন্ট। পেজেশকিয়ান বলেন, এই কাপুরুষোচিত হত্যার জন্য ইসরায়েলকে অনুশোচনা করতে হবে। ইরান তার আঞ্চলিক অখণ্ডতা ও মর্যাদার সুরক্ষা করবে।
হামাস প্রধানের হত্যার পরই জরুরি বৈঠক করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সিনিয়র কমান্ডাররা। তাদের সঙ্গে অংশ নেন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সদস্যরাও। তারা আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছে।
এদিকে ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে আলজাজিরা জানিয়েছে, বিষয়টি নিয়ে দেশটির মন্ত্রী ও কর্মকর্তাদের গণমাধ্যমে কথা বলতে নিষেধ করে দেয়া হয়েছে।
উল্লেখ্য, আজ ইরান সফরকালে গুপ্তহত্যার শিকার হন ইসমাইল হানিয়া।










