ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় ভোররাতে দ্বীপটিতে এ ভূমিকম্প হয়। ভূমিকম্পের পর সেখানে সুনামি সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিষয়ক সংস্থা।

রয়টার্সের বরাতে দ্য স্ট্রেইট টামসের খবরে বলা হয়েছে, সুনামির সতর্কতায় উপকূলের আশপাশ থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়। তবে কয়েক ঘণ্টা পর সুনামি সতর্কতা তুলে নেয়া হয়েছে।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারির বরাতে সংবাদমাধ্যম জানাচ্ছে, ভূমিকম্পের উৎসস্থল মাটির ৮৪ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরের তলদেশে প্রায় ৪০ হাজার কিলোমিটার দৈর্ঘ্যের পৃথিবীর সর্ববৃহৎ ভূমিকম্প বলয় ‘‌রিং অব ফায়ার’ এলাকায় অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। সারা দুনিয়ায় যত ভূমিকম্প হয় তার শতকরা প্রায় ৯০ ভাগ সংঘটিত হয়  ‌রিং অব ফায়ার অঞ্চলে। পৃথিবীতে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পের শতকরা ৮১ ভাগ এ বলয়ে ঘটে থাকে।