সৌদি আরবের ধর্মীয় জগতে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে। কিংডমের সর্বোচ্চ ধর্মীয় নেতা গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ আল-শেখ আজ মঙ্গলবার সকালে মৃত্যুবরণ করেছেন বলে দেশটির রাজকীয় আদালত নিশ্চিত করেছে। তার বয়স হয়েছিল ৮২ বছর। তবে তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো সরকারিভাবে প্রকাশ করা হয়নি। খবর ডেইলি মেইল।

শেখ আব্দুল আজিজ ছিলেন সৌদি আরবের সবচেয়ে প্রভাবশালী ইসলামিক স্কলার ও ধর্মীয় আইনবিদ। ইসলাম, বিজ্ঞান ও মুসলিম সমাজের সেবায় তার অবদান ছিল অসামান্য। তার মৃত্যুতে রাজা সালমান এবং ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবার, সৌদি জনগণ ও মুসলিম বিশ্বকে সমবেদনা জানিয়েছেন।

আজ স্থানীয় সময় আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আব্দুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়াও মক্কার গ্র্যান্ড মসজিদ এবং মদিনার নবী মসজিদসহ দেশের সব মসজিদে তার জানাজার নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন রাজা সালমান।

শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ আল-শেখ ছিলেন সৌদি আরবের তৃতীয় গ্র্যান্ড মুফতি। তার আগে এ পদে ছিলেন শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আল-শেখ এবং শেখ আব্দুল আজিজ বিন বাজ।

১৯৪৩ সালের নভেম্বরে মক্কায় জন্মগ্রহণ করেন তিনি। তার পরিবার ছিল আল-আশ-শেখ বংশের, যা ইসলামের প্রভাবশালী ধর্মীয় বংশ হিসেবে পরিচিত।