রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে অন্তত ১০ জন আহত হয়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা জানান, দেশটির পূর্বাঞ্চলে রুশ আক্রমন ধীরে ধীরে বাড়ছে। খবর আল-জাজিরা।

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বলেছেন, দোনেৎস্কের বেশ কয়েকটি গ্রামে রাতভর গোলাগুলিতে চার শিশুসহ ১০ জন আহত হয়েছে।

তিনি বলেন, আহতদের মধ্যে একই পরিবারের দুই শিশু ছিল, এছাড়া ১৩ বছর বয়সী দুজন ছিল।  মন্ত্রী আরো বলেন, ধ্বংসস্তূপের নিচে আরো পাঁচজনকে খুঁজে বের করা হচ্ছে।

পরে দোনেৎস্ক কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকারীরা একটি মৃতদেহ খুঁজে পেয়েছেন এবং একটি শিশুসহ আরো চারজন ধ্বংসস্তূপের নিচে রয়েছে।

পোকরোভস্ক, নভোগ্রোডিভকা ও মাইরনোগ্রাদ গ্রামে একটি অ্যাপার্টমেন্ট ব্লক, নয়টি ব্যক্তিগত বাড়ি, একটি পুলিশ স্টেশন, গাড়ি এবং গ্যারেজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে গত বুধবার রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনের পূর্ব দোনেৎস্ক অঞ্চলের বাখমুতের উপকণ্ঠে একটি ছোট গ্রাম ক্রোমোভের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে।