নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছেন ক্রিস্টোফার লুক্সোন। তিনি মধ্য-ডানপন্থি বিরোধী ন্যাশনাল পার্টির নেতা। গতকাল রাতে ফোন করে তাকে অভিনন্দন জানিয়েছেন লেবার পার্টির প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। পরাজয়ও মেনে নিয়েছেন তিনি। খবর বিবিসি।
২০২০ সালে পার্লামেন্টে প্রথম যোগ দেন ক্রিস্টোফার লুক্সোন। ২০২১ সালের নভেম্বরেই বিরোধী দলের নেতা হয়ে ওঠেন তিনি। জনপ্রিয় কিছু প্রতিশ্রুতি নির্বাচনী কৌশল হিসেবে ব্যবহার করেন তিনি। এর মধ্যে রয়েছে—মধ্যম আয়ের মানুষের আয়কর কমিয়ে দেয়া, অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।
নিউজিল্যান্ড হেরাল্ড রিপোর্টে জানিয়েছে, নির্বাচনে ন্যাশনাল পার্টি ৫১ আসন, লেবার ২২, গ্রিনস ১৩, অ্যাক্ট ১২, এনজেড ফার্স্ট ৮ ও তে পাতি মাউরি ৪ আসনে জয় পেতে যাচ্ছে। নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর অন্যতম ছিল অর্থনীতি। বিশেষ করে জীবনযাত্রার ব্যয়।
চীনে অর্থনীতির ধীরগতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে নিউজিল্যান্ড। কারণ দেশটির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার চীন। এছাড়া প্রভাব ফেলেছে ইউক্রেন যুদ্ধও।










