কার্বন নিঃসরণ কমাতে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ উদ্যোগ গ্রহণ করছে। এর মধ্যে জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানো, নবায়নযোগ্য শক্তির ব্যবহারের বিষয়ও রয়েছে। এশিয়ার দেশ ভারতও কম কার্বন নিঃসরণকারী জ্বালানি খাত তৈরিতে কাজ করছে। এ খাতের বিকাশে ১৫০ কোটি ডলার অর্থায়ন তহবিলের অনুমোদন দিয়েছে বিশ্ব ব্যাংক।

ব্যাংকের বরাত দিয়ে প্রকাশিত খবরে বার্তা সংস্থা রয়টার্স জানায়, এ বিনিয়োগ ভারতকে নবায়নযোগ্য শক্তির ব্যবহার, সবুজ হাইড্রোজেন প্রকল্প বাস্তবায়নে সহায়তা করবে। যার মাধ্যমে কম কার্বন নিঃসরণকারী জ্বালানি খাত দ্রুত এগিয়ে যাবে।

ভারতে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অগাস্টে তানো কৌমে বলেন, ‘এটি জাতীয় পর্যায়ে গ্রিন হাইড্রোজেন মিশন কার্যকরে সহায়তা করবে এবং ২০৩০ সাল নাগাদ ব্যক্তিমালিকানাধীন খাতে ১০ হাজার কোটি ডলার বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জন করবে।’

এ প্রকল্পে পাওয়ার গ্রিডের সংযোগ উন্নত করে খরচ কমানো ও নবায়নযোগ্য শক্তির সরবরাহ বাড়ানো হবে। এর মাধ্যমে ২০৩০ সাল নাগাদ ভারত ৫০০ গিগা্ওয়াট নবায়নযোগ্য শক্তি সক্ষমতার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারবে বলেও সূত্রে জানা গেছে।

বিশ্ব ব্যাংক জানায়, ভারতে মাথাপিছু বিদ্যুৎ ব্যয় বৈশ্বিক গড়ের মাত্র এক-তৃতীয়াংশ। তবে অর্থনীতির সম্প্রসারণের মাধ্যমে এ চাহিদা বৃদ্ধির পূর্বাভাসও দেয়া হয়েছে।