সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের একটি স্কুলে
বন্দুকধারীর গুলিতে অন্তত নয়জন নিহত হয়েছেন। তাদের আটজন শিক্ষার্থী ও অপর ব্যক্তি নিরাপত্তারক্ষী।
খবর বিবিসি।
হামলায় আরো ছয়জন ছাত্র ও একজন শিক্ষক
আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
এক বিবৃতিতে ঘটনাটি স্বীকার করেছে দেশটির
স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বুধবার (৩ মে) সকালে হামলার ওই ঘটনায়
পুলিশ মধ্য বেলগ্রেডের ভ্লাদিস্লাভ রিবনিকার স্কুলে ১৪ বছর বয়সী এক ছাত্রকে গ্রেফতার
করেছে।
অভিযোগে বলা হয়, সন্দেহভাজন কিশোর তার
বাবার বন্দুক ব্যবহার করেছে। কর্মকর্তারা জানান, ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে তদন্ত
চলছে।
স্থানীয় গণমাধ্যম বলেছে, সন্দেহভাজন কিশোরকে
পুলিশ ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে গেছে। এর আগে সকাল পৌনে ৯টার দিকে কড়া নিরাপত্তার
মাঝে ওই বিদ্যালয়ে প্রবেশ করে আইনশৃঙ্খলা বাহিনী।
ব্যক্তিগত অস্ত্রের মালিকানা ইউরোপের মধ্যে
সবচেয়ে বেশি সার্বিয়ায় হলেও ব্যাপক গুলি চালানোর ঘটনা তুলনামূলকভাবে বিরল। দেশটিতে
কঠোর অস্ত্র আইন রয়েছে।
১৯৯০ এর দশকে যুদ্ধ ও অস্থিরতার পরবর্তীতে
হাজার হাজার অবৈধ অস্ত্র পশ্চিম বলকানে ছড়িয়ে পড়ে। ২০১৯ সালের তথ্য অনুসারে, সার্বিয়ায়
প্রতি ১০০ জনে ৩৯.১টি আগ্নেয়াস্ত্র রয়েছে।










