ডুবোজাহাজ টাইটান বিস্ফোরিত হয়ে পাঁচজনের
মৃত্যুর প্রায় তিন সপ্তাহ পর সব ধরনের অনুসন্ধান ও বাণিজ্যিক কার্যক্রম স্থগিত করছে
ওশানগেট।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়,
গতকাল বৃহস্পতিবার (৬ জুলাই) সংস্থাটি ওয়েবসাইটে এ বার্তা দিয়েছে। সেখানে বলা হয়,
ওশানগেট টাইটানিকের ধ্বংসাবশেষে বা অন্য কোথাও অভিযাত্রী পাঠাবে না।
তবে এ বিষয়ে বিস্তারিত মন্তব্যের অনুরোধ
প্রত্যাখ্যান করেছে টাইটানিকের কাছে অভিযান চালানো সংস্থাটি।
২০০৯ সালে বেসরকারি প্রতিষ্ঠান ওশানগেট
প্রতিষ্ঠা করেন স্টকটন রাশ ও গুইলারমো সোহনলেইন। সর্বশেষ মিশনে নিহত পাঁচজনের একজন
ছিলেন স্টকটন।
বাণিজ্যিক সাবমারসিবল ভাড়া দিয়ে থাকত ওশানগেট।
১৩ বছর ধরে তারা সমুদ্রে পরিষেবা দিয়ে আসছিল। এর মধ্যে আন্দ্রে ডোরিয়া ও টাইটানিকের
ধ্বংসাবশেষের কাছে যাতায়াতের জন্য বেশি পরিচিত ছিল। তবে টাইটানের বিস্ফোরণের সেই পরিচয়
টক অব দ্য ওয়ার্ল্ড হয়ে উঠে।
গত জুনের মাঝামাঝিতে আলোচিত ডুবোজাহাজটি
নিখোঁজ হয়। পরে মার্কিন কোস্ট গার্ড পরে নিশ্চিত করে ‘বিপর্যয়কর বিস্ফোরণের’ শিকার হয়েছিল
টাইটান। এতে স্টকটন রাশসহ পাঁচ আরোহী নিহত হন। যাদের অন্যতম ছিলেন ব্রিটিশ পাকিস্তানি
ব্যবসায়ী শাহজাদা দাউদ (৪৮) ও তার ছেলে সুলেমান দাউদ (১৯)।
গত সপ্তাহ ঘটনাস্থল থেকে কিছু ধ্বংসাবশেষ
উদ্ধার করা হয়েছে। সেখানে নিহতদের দেহাবশেষ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। কিন্তু
এখনো পরীক্ষাধীন বিষয়টি নিয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।










