রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কুরস্কের যুদ্ধক্ষেত্রে আবারো উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতি দেখা যাচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আগে ব্যাপক প্রাণহানির পর গত মাসে তাদের সরিয়ে নেয়া হয়েছিল বলে খবর প্রকাশিত হয়। খবর বিবিসি।
জেলেনস্কি শুক্রবার এক ভিডিও বার্তায় বলেন, ‘রাশিয়া ফের উত্তর কোরিয়ার সেনাদের সেখানে ফিরিয়ে এনেছে এবং তারা নতুন করে আক্রমণ চালাচ্ছে। কুরস্কের যুদ্ধক্ষেত্রে এরই মধ্যে হাজারো রুশ ও কোরীয় সেনা নিশ্চিহ্ন হয়ে গেছে। অঞ্চলটির কিছু অংশ এখনো ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।’
এর আগে জানুয়ারিতে পশ্চিমা কর্মকর্তারা বলেছিলেন, উত্তর কোরিয়া কুরস্কে ১১ হাজার সেনা পাঠিয়েছে। যার মধ্যে মাত্র তিন মাসের ব্যবধানে অন্তত এক হাজার সেনা মারা গেছেন বলে তাদের বিশ্বাস। তবে এ বিষয়ে উত্তর কোরিয়া ও রাশিয়া কোনো মন্তব্য করেনি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেন। প্রায় তিন বছর ধরে চলা এ যুদ্ধে দুই পক্ষেই ব্যাপক প্রাণহানি ঘটেছে। কিছুদিন আগে কুরস্কে লড়াইরত ইউক্রেনের বিশেষ বাহিনীর সদস্যরা বলেছিলেন, তিন সপ্তাহ ধরে ইউক্রেনের কোনো সেনাকে দেখা যাচ্ছে না। এতে ধারণা করা হচ্ছে, ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে হয়তো তাদের সরিয়ে নেয়া হয়েছে। বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, তারা যুদ্ধক্ষেত্রের নির্দিষ্ট এলাকায় কোরীয় সেনাদের উপস্থিতি দেখেননি, তবে অন্য এলাকায় কী ঘটছে তা নিশ্চিত নন।
এদিকে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্যানুযায়ী, কুরস্কের যুদ্ধে উত্তর কোরিয়ার সেনারা ড্রোনসহ অত্যাধুনিক অস্ত্রের হামলার মুখে অপ্রস্তুত হয়ে পড়েছিল। সাম্প্রতিক বেশ কয়েকটি প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে নিরাপত্তা এবং প্রতিরক্ষা চুক্তি সইয়ের পর কুরস্কের যুদ্ধে সেনা পাঠিয়েছে পিয়ংইয়ং। দুই দেশের সম্পর্ক আরো ঘনিষ্ঠ করতে এ চুক্তি সই করেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। ইউক্রেন এবং পশ্চিমা মিত্ররা অভিযোগ করেছে, রাশিয়া উত্তর কোরিয়ার গোলাবারুদ ও বিভিন্ন যুদ্ধাস্ত্র ব্যবহার করছে।
প্রায় ছয় মাস আগে তড়িত গতিতে পরিচালিত এক অভিযানে ইউক্রেনের সেনারা কুরস্কের এক হাজার কিলোমিটারের বেশি এলাকা দখলে নেয়। তবে পাল্টা আক্রমণে রাশিয়া ওই অঞ্চলের সিংহভাগ পুনর্দখল করেছে। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, বৃহস্পতিবার ইউক্রেন নতুন অভিযানে নেমে কুরস্কে প্রায় আড়াই কিলোমিটার এলাকা পুনর্দখল করেছে। অন্যদিকে রাশিয়ার সেনাবাহিনী দাবি করেছে তারা ইউক্রেনের সে আক্রমণ প্রতিহত করেছে।









