এবার নতুন মডেলের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ ঘটনায় জাপানজুড়ে সৃষ্টি হয়েছে উৎকণ্ঠা। আতঙ্কিত অনেকে জাপানিকে নিরাপদ জায়গায় সরিয়ে নেয়ার মতো ঘটনাও ঘটেছে। অবশ্য জাপানে কোনো বিপদ ঘটেনি বলে নিশ্চিত করেছে রয়টার্স।

দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, সদ্য পরীক্ষা চালানো ক্ষেপণাস্ত্রটি সাম্প্রতিক উত্তর কোরিয়ার সামরিক কুচকাওয়াজে প্রদর্শিত একটি নতুন অস্ত্র। নতুন এ ক্ষেপণাস্ত্রে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে। কঠিন জ্বালানির সুবিধা হলো, কোনো ধরনের জটিলতা ছাড়াই এটি সংরক্ষণ করা যায় এবং কোনো বাড়তি সতর্কতা ছাড়া অল্প সময়েই উৎক্ষেপণ করা যায় মিসাইল।

রয়টার্সের খবরে বলা হয়, উত্তর কোরিয়ার ওই ক্ষেপণাস্ত্রটি প্রায় ১ হাজার কিলোমিটার দূর পর্যন্ত যায়। দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তারা বলছেন, ক্ষেপণাস্ত্রটি ৬ হাজার কিলোমিটারের মতো উঁচুতে উঠেছিল।

এ ঘটনাকে উস্কানি হিসেবে উল্লেখ করে নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির মিত্র যুক্তরাষ্ট্রও এ ঘটনার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে। জাপানের চারপাশের পরিবেশ ক্রমেই বিপদপন্ন হয়ে পড়েছে উল্লেখ করে জাপান সাগরে বিমান নিয়ে মহড়াও চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনি।