কলম্বিয়ার অ্যামাজন বনাঞ্চলে বিমান বিধ্বস্তের ঘটনার ৪০ দিন পর অ্যামাজন বনে চার শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘১৩, নয়, চার ও এক বছর বয়সী চার শিশু উদ্ধার"সমগ্র দেশের জন্য আনন্দের বিষয়। গতকাল উদ্ধার করা শিশুদের ছবি টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রেসিডেন্ট পেত্রো। খবর বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, বিমানটি গত ১ মে অ্যামাজন বনে বিধ্বস্ত হয়। এ ঘটনায় এক নারী ও দুজন পাইলট নিহত হন। এরপর নিখোঁজ শিশুদের খুঁজতে দেশটির সেনাবাহিনী ও স্থানীয়রা উদ্ধার অভিযানে নামেন।
প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেন, ‘শিশুদের খুঁজে পাওয়া একটি ‘‘ম্যাজিক ডে’’র মতো।"তারা এ সময় একা ছিল। নিজেরাই সম্পূর্ণ বেঁচে থাকার একটি নজির তৈরি করেছে। ইতিহাসে বিষয়টি স্মরণীয় হয়ে থাকবে। এ শিশুরা আজ শান্তির সন্তান ও কলম্বিয়ার সন্তান।’ "
প্রেসিডেন্ট পেত্রোর প্রকাশিত ছবিতে দেখা যায়, ৪০ দিন পর খুঁজে পাওয়া শিশুদের যত্ন নিচ্ছেন সেনাবাহিনী ও আদিবাসী সম্প্রদায়ের বেশ কয়েক সদস্য। একজন উদ্ধারকারী একটি বোতল ছোট্ট শিশুর মুখের কাছে রেখেছেন। অন্য একজন অন্য শিশুদের একটি কাপ থেকে চামচ দিয়ে খাওয়াচ্ছেন। এ শিশুদের একটি উড়োজাহাজে করে রাজধানী বোগোটায় চিকিৎসার জন্য নেয়া হয়।










