জাপানের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে। দেশটির হানসু দ্বীপের ইশিকাওয়ায় ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপে আটকে পড়াদের বুধবারও মরিয়া হয়ে অনুসন্ধান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। খবর এপি।

সোমবার(১ জানুয়ারি) স্থানীয় সময় বিকাল ৪টা ১০ মিনিটের দিকে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি জাপানের মধ্যাঞ্চলে আঘাত হানে। তারপর থেকে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৫৫ বারের মতো ভূকম্পন অনুভূত হয়েছে। এগুলোর মাত্রা ছিল ৩ থেকে ৬ দশমিক ১। এরপর অনেকগুলো আফটারশক বা পরাঘাত অনুভূত হয়। ভূমিকম্পের কারণে বিচ্ছিন্ন হয়ে পড়া এলাকাগুলোয় পৌঁছাতে গতকাল জাপানের উদ্ধারকারী দলগুলোকে সংগ্রাম করতে হচ্ছে। ভূমিকম্পে ইশিকাওয়া প্রিফেকচারের নোতো উপদ্বীপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সারাদেশ থেকে সামরিক বাহিনীর সদস্য, দমকল কর্মী ও পুলিশ কর্মকর্তাসহ তিন হাজার উদ্ধারকর্মী ওই এলাকায় পৌঁছেছে।

ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ও রাস্তাগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে উদ্ধার তৎপরতা বিঘ্নিত হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষয়ক্ষতির সম্পূর্ণ পরিমাণ নির্ণয় করা কঠিন হবে।

গতকাল দুর্যোগ নিয়ে এক জরুরি বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, ভূমিকম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের খুঁজে বের করা ও উদ্ধার করা সময়ের বিরুদ্ধে একটি যুদ্ধ।