ভারতের অমৃতসরের স্বর্ণ মন্দিরের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ। অমৃতসরের হেরিটেজ স্ট্রিটের কাছে স্থানীয় সময় গতকাল বুধবার (১০ মে) দিবাগত রাত ১টার দিকে বিস্ফোরণটি ঘটে। গত পাঁচ দিনের মধ্যে এটি ছিল তৃতীয় বিস্ফোরণ। খবর এনডিটিভি।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বুধবার মধ্য রাতে স্বর্ণ মন্দিরের কাছেই অবস্থিত একটি বাড়িতে বিস্ফোরণ হয়। যে ঘরে বিস্ফোরণ হয়, সেখানে তিনজন ছিলেন। বিস্ফোরণের খবর পাওয়ার পরই পুলিশ স্বর্ণ মন্দিরসহ গোটা এলাকা ঘিরে ফেলে। ঘটনার তদন্ত শুরু করেছে পাঞ্জাব পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ আরও জানায়, এই ঘটনার পিছনে বড় কোনো নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে এখনো কোনো সন্ত্রাসবাদী সংগঠন বিস্ফোরণের দায় স্বীকার করেনি। জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এবং পাঞ্জাব পুলিশ বিস্ফোরণের স্থান থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করেছে। পুলিশ জানিয়েছে, বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ঘটনাটি তদন্ত করবে এবং বিস্ফোরণের উদ্দেশ্য জানার চেষ্টা করবে।

পাঞ্জাব পুলিশের মহাপরিচালক বলেছেন, ‘অমৃতসরের বিস্ফোরণের ঘটনাগুলোর সমাধান হয়েছে’। তবে এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিদের পরিচয় প্রকাশ করেনি তিনি। 

এর আগে চলতি মাসের ৬ তারিখে স্বর্ণ মন্দিরের কাছে প্রথম বিস্ফোরণটি ঘটে, দ্বিতীয়টি সোমবার। বুধবারের বিস্ফোরণটি শহরের স্বর্ণ মন্দিরের কাছে হেরিটেজ স্ট্রিট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে হয়েছিল।