পঙ্গপাল ছোট্ট একটি পতঙ্গ। তবে ছোট্ট এ পতঙ্গের আধিক্যে বড় ধরনের বিপদে পড়েছে পাকিস্তান ও সোমালিয়ার কৃষি খাত। ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের আক্রমণে দেশ দুটিতে নতুন মৌসুমের ফসল ক্ষেতেই নষ্ট হচ্ছে। সম্ভাবনা তৈরি হয়েছে খাদ্য সংকটের। এ পরিস্থিতি এড়াতে কৃষি খাতে জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে দেশ দুটির সরকার।

পাকিস্তানের পূর্বাঞ্চলের কৃষিপ্রধান এলাকাগুলোয় সবচেয়ে বেশি পঙ্গপালের আক্রমণ দেখা দিয়েছে। ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল সেখানকার গম, তুলা ও ভুট্টা ক্ষেতগুলো সাবাড় করে দিচ্ছে। গত বছরের জুনের দিকে ইরান থেকে পঙ্গপালের ঝাঁক আসতে শুরু করে। তখনই স্থানীয় কৃষকরা সরকারের কাছে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি তোলেন। তবে কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় এরই মধ্যে প্রকোপ বেড়েছে কয়েক গুণ।

দেরিতে হলেও পঙ্গপালের বিরুদ্ধে উদ্যোগী হয়েছে পাকিস্তান সরকার। গত শনিবার কৃষি খাতের জন্য দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

এক ব্রিফিংয়ে দেশটির তথ্যমন্ত্রী ফেরদৌস আশিক আওয়ান বলেন, গত দুই দশকের মধ্যে এবারই পঙ্গপালের আক্রমণ সবচেয়ে বেশি দেখা দিয়েছে। ভারতের সীমান্তবর্তী এলাকাগুলোতেও পঙ্গপাল পৌঁছে গেছে। পঙ্গপালের কবল থেকে ফসল রক্ষা করতে না পারলে আগামী দিনগুলোয় খাদ্যনিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে। এ কারণে দেশজুড়ে কৃষি খাতে জরুরি অবস্থা জারি

করা হয়েছে।

জরুরি অবস্থার আওতায় পঙ্গপাল দূর করতে ১ লাখ ২১ হাজার ৪০০ হেক্টর কৃষিজমিতে আকাশ থেকে কীটনাশক স্প্রে করবে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। এর আগে ১৯৯৩ সালে পঙ্গপালের বড় ধরনের আক্রমণের মুখে পড়েছিল পাকিস্তানের

কৃষি খাত।

এদিকে একই ধরনের বিপদে পড়েছে আফ্রিকার দেশ সোমালিয়া। রোববার দেশজুড়ে কৃষি খাতের জন্য জরুরি অবস্থা জারি করেছে সোমালিয়া সরকার। পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যে সোমালিয়াই প্রথম পঙ্গপালের জন্য কৃষি খাতে জরুরি অবস্থা জারি করেছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বলছে, গত ২৫ বছরের মধ্যে সোমালিয়ায় পঙ্গপালের এমন প্রকোপ দেখা যায়নি। আশা করা হচ্ছে, আগামী এপ্রিলে ফসল ঘরে তোলার সময় আসার আগেই এ বিপদ থেকে বেরিয়ে আসতে পারবে সোমালিয়ানরা। হর্ন অব আফ্রিকায় পঙ্গপালের প্রকোপ দূর করতে আন্তর্জাতিক মহলকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এ বিষয়ে সোমালিয়ার কৃষিমন্ত্রী সাঈদ হুসেইন বলেন, পঙ্গপালের বিরুদ্ধে এখনই ব্যবস্থা না নিলে বড় ধরনের খাদ্য সংকটের মুখে পড়বে সোমালিয়া। আমরা এটা হতে দিতে পারি না। তাই সম্ভাব্য বিপদ এড়াতে কৃষি খাতে জরুরি অবস্থা জারি করে পঙ্গপালের প্রকোপ দূর করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে।

 

বিবিসি, ডয়েচে ভেলে ও ডন অবলম্বনে