বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের পেছনে বড় একটি কারণ অধিক পরিমাণে কার্বন নিঃসরণ। এর জন্য শিল্পোন্নত দেশগুলোকে দায়ী করেন সংশ্লিষ্টরা। বিভিন্ন গবেষণায়ও এর সত্যতা মিলেছে। সম্প্রতি ইউরোপীয় কমিশনের (ইসি) জয়েন্ট রিসার্চ সেন্টার ও পিবিএল নেদারল্যান্ডস এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট এজেন্সির এক যৌথ গবেষণায় বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বড় দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন সম্মিলিতভাবে বৈশ্বিক কার্বন নিঃসরণের ৪০ শতাংশের জন্য দায়ী। একই সঙ্গে কার্বন নিঃসরণে চীন-যুক্তরাষ্ট্রের পাশাপাশি এশিয়া ও ইউরোপের বড় অর্থনীতির দেশগুলো সবচেয়ে এগিয়ে রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে চীন। দেশটি প্রতি বছর ১১

হাজার ২৫৬ মেগা টন (প্রতি মেগা টনে ১০ লাখ টন) কার্বন নিংসরণ করে। এর পরই রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কার্বন নিঃসরণের পরিমাণ বছরে ৫ হাজার ২৭৫ মেগা টন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো সম্মিলিতভাবে বছরে ৩ হাজার ৪৫৭ মেগা টন কার্বন নিঃসরণ করে।

তালিকায় এর পরই রয়েছে ভারত। দেশটির কার্বন নিঃসরণের পরিমাণ বছরে ২ হাজার ৬২২ মেগা টন। রাশিয়া ও জাপান প্রতি বছর যথাক্রমে ১ হাজার ৭৪৮ মেগা টন ও ১ হাজার ১৯৯ মেগা টন কার্বন নিঃসরণের জন্য দায়ী।

সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশগুলোর তালিকায় এর পর রয়েছে যথাক্রমে জার্মানি ৭৫৩ মেগা টন, ইরান ৭২৮, দক্ষিণ কোরিয়া ৬৯৫, সৌদি আরব ৬২৫, কানাডা ৫৯৪ ও ইন্দোনেশিয়া ৫৫৮ মেগা টন।

 

বিবিসি অবলম্বনে