ছোট পরিবারের জন্য সাধারণত ছোট আকারের ফ্ল্যাট বাছাই করা হয়।
ছোট ফ্ল্যাটের রুমও হয় ছোট ছোট।
ছোট আকারের রুম মনের মতো সাজালে দেখতে বেশ লাগে।
এসব ঘর সাজানোর নানা কৌশল রয়েছে।
বাড়ির সব ঘরের মধ্যে শোয়ার ঘরটি খুব গুরুত্বপূর্ণ।
ছোট শোয়ার ঘরটিকে মায়াময় করে তুলতে জেনে রাখুন নানা কৌশল—
ছোট শোয়ার ঘরে ছোট বেড রাখতে হবে।
ছোট ঘরে যেহেতু খুব বেশি জায়গা থাকে না।
দেয়ালের শূন্যভাব এড়াতে ছোট আকৃতির ওয়ালপেপার ঝুলিয়ে দিন।
অবশ্যই আকর্ষণীয় দেখে ওয়ালপেপার বাছাই করতে হবে।
এবার বেডের পাশে একটি ছোট সাইড টেবিল বসিয়ে দিন।
ছোট ছোট আসবাব আপনার ঘরটি করে তুলবে নান্দনিক।
এ ধরনের শোয়ার ঘরে সাধারণত নান্দনিক আসবাব ব্যবহার করতে হয়।
আসবাবে ঘর যেন ঘিঞ্জি না লাগে, সেদিকে খেয়াল রাখতে হবে।
এমনভাবে আসবাব সাজাতে হবে, যেন হাতের নাগালে সবকিছু থাকে।
ছোট ঘরে কোন আসবাব কোথায় রাখলে দেখতে ভালো লাগবে, সেটি খুব জরুরি। ছোট আকৃতির শোয়ার ঘরের সৌন্দর্যের কেন্দ্রে থাকে বেড ও এর চারপাশ। কাজেই জায়গাটি সৃজনশীলভাবে সাজানো উচিত। বেডের দুই দিকে দুটি টেবিল রাখতে পারেন। দুই তাকবিশিষ্ট সুন্দর ডিজাইনের টেবিল পছন্দ করুন। অন্য দিকটিতে আরো ছোট আকৃতির টেবিল ব্যবহার করতে পারেন। টেবিল দুটির ওপর আপনি আপনার পছন্দের ফুল সাজিয়ে রাখুন। বেডের পেছনের দেয়ালের অংশটি গ্যালারি করে ফেলতে পারেন। গ্যালারি বানাতে চিত্রকর্মের সঙ্গে আপনার প্রিয়জনদের ছবি এ তালিকায় রাখতে পারেন।
গ্যালারি তৈরি ছাড়াও আপনি বেডের মাথার দিকের দেয়ালের অংশটিতে বুকশেলফ রাখতে পারেন।
শেলফে আপনার পছন্দের বই সাজিয়ে রাখুন।
কাঠের তৈরি শেলফ কিনে সেখানে রাখুন।
ছোট ঘরে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হলো যথেষ্ট জায়গা বের করা।
এক্ষেত্রে ঘরের সব জায়গা কাজে লাগাতে হবে।
যেমন জানালা।
জানালার সামনের দিকে কিছু অংশ ফাঁকা থাকে।
অংশটি আপনি কাজে লাগাতে পারেন।
যদি রুমে অতিরিক্ত টেবিল বসানোর জায়গা না থাকে, তাহলে ফাকা অংশটিতে টেবিল ল্যাম্প, ঘর সাজানোর ছোটখাটো অনুষঙ্গ, টেবিল ঘড়ি, দু-একটি বই সাজিয়ে রাখতে পারেন।
জায়গার অভাব পূরণে আপনি ড্রয়ারযুক্ত খাট ব্যবহার করতে পারেন।
তাহলে প্রতিটি ড্রয়ার আপনি প্রয়োজনীয় জিনিস সংরক্ষণে ব্যবহার করতে পারবেন।
পর্যাপ্ত জায়গা বের করতে এটি হতে পারে অভিনব পদ্ধতি।
ছোট শোয়ার ঘরটিতে একটুখানি দৃষ্টিনন্দন পর্দা হতে পারে আরেকটি বিশেষ উপকরণ।
নানা শৈলী ও ডিজাইনের পর্দা কিনে ঘরে লাগান।
ঘরের একঘেয়েমি ভাব দূর করতে শিল্পকর্ম, পেইন্টিং, ওয়ালপেপার লাগাতে পারেন।
এসবের সঙ্গে মিলিয়ে আপনি পর্দার রঙ বাছাই করতে পারেন।
তবে ছোট ঘরের জন্য হালকা উজ্জ্বল রঙের পর্দা মানানসই।
ছোট ঘরে আলোকসজ্জার বিষয়টিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। ঘর সাজাতে বিচিত্র ডিজাইনের লাইট ব্যবহার করুন। বেডের পাশে বিভিন্ন ডিজাইনের লাইট রাখতে পারেন। আবার নাইটস্ট্যান্ডও ব্যবহার করতে পারেন।
ঘরে যদি বেশি আসবাব ব্যবহার করতে না চান, তাহলে মেঝেটিকে বেছে নিন।
ফুলের টব, বইপত্র ঘরের একটি অংশে সুন্দর করে রাখুন।
বেডের পাশেও চাইলে রাখতে পারেন।
এটি হলো ছোট ঘরের একদম সাদামাটা সাজ।
কালো রঙ ছোট ঘরকে বড় দেখাতে সহায়তা করে।
ছোট শোয়ার ঘরের দেয়ালজুড়ে কালো রঙের স্পর্শ আনুন।
এরপর কালো দেয়ালে কালো রঙের নাইটল্যাম্প সেট করুন।
এসব কৌশল অবলম্বন করে আপনি আপনার ছোট শোয়ার ঘরটিকে দৃষ্টিনন্দন করে তুলতে পারেন।
সূত্র: হাউজবিউটিফুল





