ঘর হলো প্রশান্তির জায়গা। দিনশেষে ক্লান্ত হলে ঘরের দিকেই মন ছুটে যায়। সেই ঘর যদি মনের মতো না হয়, তাহলে প্রশান্তি ভাবটা ঠিক পূর্ণতা পায় না। সবাই চায় তার ঘরটি হবে পরিপাটি। তাই তো ঘর সাজাতে মানুষ কত কিছুই না করে। বিভিন্ন উপকরণ দিয়ে ঘরে আনা হয় অনন্যতা। পছন্দের জিনিসপত্র দিয়ে ঘর সাজানো হলো ঠিকই। তার পরও কোথায় যেন একটা খামতি থেকে গেছে বলে মনে হচ্ছে। কিন্তু কোথায়, তা ঠিক ধরতে পারছেন না। ঘর সাজাতে গিয়ে এ রকম মাঝেমধ্যেই হয়। ঘরকে নান্দনিক করে তুলতে গিয়ে প্রায়ই আমরা অন্দরমহলের বিভিন্ন কর্নারের কথা ভুলে যাই। ঘরের অন্যান্য স্থানের মতো কর্নারগুলোও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। এ কর্নার সাজিয়ে আপনি ঘরের সৌন্দর্য পুরোই পাল্টে ফেলতে পারেন। জেনে নেয়া যাক অন্দরমহলের কর্নার সাজানোর বিভিন্ন কৌশল—

অন্দরমহল সাজানোর ক্ষেত্রে চিত্রকর্ম ও দেয়াল আর্ট দারুণ উপকরণ মোটামুটি আমরা সবাই জানি। এগুলো কিন্তু ঘরের কোণ সাজাতেও দারুণ ভূমিকা রাখে। ঘরের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করে। ঘরের সব কোণ সাজাতে হবে, তেমনটা নয়। অন্দরমহলের কোনো একটি বা দুটি কর্নার নির্বাচন করে নিন। তারপর সেখানে পছন্দসই চিত্রকর্ম বা দেয়াল আর্ট টাঙিয়ে দিন। একসঙ্গে অনেকগুলো চিত্রকর্ম রাখতে পারন। দেখতে ভালো লাগবে, সেই সঙ্গে ঘরের সৌন্দর্যও বাড়বে।

আবার আয়নাও ব্যবহার করতে পারেন। আয়না কেবল চেহারা দেখা বা সাজসজ্জার জন্যই নয়, ঘর সাজাতেও এর জুড়ি নেই। ড্রেসিং টেবিল ছাড়াও রুচিশীল আয়নার ব্যবহার ঘরে যোগ করে নতুন মাত্রা। দেয়ালজুড়ে আয়না ঘরের শোভা বাড়ায়। চিত্রকর্মের মতোই দেয়ালে আয়না সাজিয়ে রাখতে পারেন। ঘরের কোনো এক কর্নারে দেয়ালের বড় অংশজুড়ে ঝুলন্ত আয়না ব্যবহার করতে পারেন। আয়না ঘরের আকার বড় দেখাতে সাহায্য করে। বসার ঘরে কোনো দেয়াল ফাঁকা থাকলে সেখানে বড় আয়না রাখতে পারেন। এটা অতিথিদের দৃষ্টি আকর্ষণ করবে।

ঘরের কোনো একটি কর্নার বেশ ফাঁকা লাগছে। কীভাবে স্থানটিতে পূর্ণতা নিয়ে আসবেন ভেবে পাচ্ছেন না। এ রকম অবস্থায় আলোকসজ্জায় সজ্জিত করতে পারেন স্থানটি। মৃদু ও প্রশান্তি এনে দেয় এমন লাইট দিয়ে স্থানটি সাজাতে পারেন। বাজারে খুব কম দামেই এসব লাইট কিনতে পাওয়া যায়। শোয়ার ঘরের কোনো একটি দেয়ালের সঙ্গে লাগিয়ে রাখতে পারেন অথবা এক কর্নারে ছোট টেবিলের ওপরও রাখতে পারেন। মৃদু লাইট মনের অবস্থা পরিবর্তনে কাজ করে।


রঙহীন ঘর একঘেয়েমি ও ফ্যাকাশে লাগে। এ রকম ঘরবাড়ি আমাদের কারোরই পছন্দ নয়।