জাকির হোসেন

সাধারণ সম্পাদক

বাংলাদেশ সুপার মার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন

বর্তমানে পৃথিবী নভেল করোনাভাইরাস বা কভিড-১৯-এর কারণে ভয়ংকর এক দুঃসময় অতিক্রম করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বাংলাদেশ সরকার এরই মধ্যে সাময়িকভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসমাগমপূর্ণ পর্যটন এলাকা বন্ধ ঘোষণা করেছে। এছাড়া মানুষ চলাচল সীমাবদ্ধ করা, পাবলিক প্লেস এড়িয়ে চলাসহ সচেতনতামূলক বক্তব্য বিভিন্ন মিডিয়ায় নিয়মিত প্রচার করা হচ্ছে। বর্তমানে মানুষ খুবই বিপদগ্রস্ত এবং কিছুটা দেরিতে হলেও দেশের জনগণ দুর্যোগপূর্ণ এ পরিস্থিতিতে নিরাপদে থাকার গুরুত্ব বুঝতে পেরেছেন। এর পরিক্রমায় বিগত কিছুদিন ধরে প্রায় সর্বস্তরের মানুষ দীর্ঘ সময় ঘরে থাকার প্রস্তুতি হিসেবে বেশি করে প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে জনসমাগমপূর্ণ খোলা জায়গা পরিহার করে মীনা বাজার, আগোরা, স্বপ্ন, প্রিন্স বাজারের মতো সুপার মার্কেটকে বেছে নিচ্ছেন। 

খোলা বা কাঁচাবাজারের ক্রেতারা ভ্যাট প্রদানে অনভ্যস্ত কিন্তু বর্তমান পরিস্থিতিতে তারাও উল্লেখযোগ্য হারে সুপার মার্কেটের শরণাপন্ন হচ্ছেন। অনেকেই তাদের দৈনন্দিন প্রয়োজনীয় পণ্য ক্রয় করতে গিয়ে খোলাবাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মুখোমুখি হচ্ছেন। বর্তমানে সুপার মার্কেটগুলোতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির যথেষ্ট পরিমাণ মজুদ আছে। আমরা পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে একনিষ্ঠভাবে উদ্যোগী। সর্বোপরি আমাদের কর্মী ও ক্রেতা সাধারণের স্বাস্থ্যের নিরাপত্তা বিধানেও আমরা সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সচেষ্ট। সুপার মার্কেটের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে ও সরবরাহ সংকট ছাড়া এবং নিরাপদ পরিবেশে কেনার ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। অযথা আতঙ্কে অতিরিক্ত পণ্য ক্রয় বা মজুদের কোনো প্রয়োজন নেই। 

এমতাবস্থায় দেশের সব সুপার মার্কেটে সব মোড়ককৃত পণ্যের ওপর ৫ শতাংশ কর সাময়িকভাবে অন্তত ঈদ পর্যন্ত স্থগিত করলে তা সর্বসাধারণের দুর্ভোগ লাঘবে সামান্য হলেও ভূমিকা রাখবে। এ দুর্যোগপূর্ণ সময়ে সরকারের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার দৃষ্টান্ত আমরা বিশ্বের বিভিন্ন দেশেও দেখতে পাচ্ছি। দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দেশের সব সুপার মার্কেট থেকে ক্রয়কৃত মোড়কজাত পণ্যের ওপর ৫ শতাংশ কর আপাতত স্থগিত করে বিপদগ্রস্ত মানুষের কেনাকাটাকে সহজ করার জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। দেশের এ দুর্যোগপূর্ণ সময়ে অত্যাবশ্যকীয় দ্রব্যাদি সরবরাহে আমরা সবার পাশেই আছি। ঐক্যবদ্ধ জাতি হিসেবে বিদ্যমান সংকট মোকাবেলা করতে চাই।