ব্যবসা ও অর্থনীতি সম্পর্কিত বাংলায় একটি দৈনিকের খুব প্রয়োজন ছিল। ২০১১ সালে বণিক বার্তা সেই চাহিদা পূরণে এগিয়ে আসে। গবেষণামূলক প্রতিবেদন, সুলেখনী মতামত ও বস্তুনিষ্ঠতার কারণে পাঠকের মনে গ্রহণযোগ্যতা পেয়েছে বণিক বার্তা। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অংশীদারে পরিণত হয়েছে বণিক বার্তা। দেশের প্রথম সারির দৈনিকটি আজ নয় বছর শেষ করে দশ বছরে পদার্পণ করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটির সম্পাদকসহ সকলকেই কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

ব্যবসা ও অর্থনীতি নিয়ে প্রতিবেদন উপস্থাপন করলেও পত্রিকাটিতে কৃষি খাতের একটি বিশেষ অবস্থান রয়েছে। কৃষি খাতের তথ্যের বিশ্লেষণ আমাদের নীতি পরিকল্পনায় সহযোগিতা করে থাকে। আবার আগাম পূর্বাভাস আমাদেরকে সতর্ক অবস্থান নিতেও সহায়তা করে। চাল উৎপাদনে বাংলাদেশ তৃতীয় হতে যাচ্ছে সেটিও বণিক বার্তা দেশবাসীকে প্রথম জানিয়েছে। গ্রামীণ অর্থনীতি ও কৃষির বিষয়ে আরো গবেষণা প্রতিবেদন, বিশ্লেষণ ও মতামত প্রত্যাশা করি।

গবেষণাধর্মী প্রতিবেদন, তথ্যের বিশ্লেষণ ও সুচিন্তিত মতামতের মাধ্যমে আরো এগিয়ে যাক বণিক বার্তা। কৃষি ও কৃষকের পাশেই থাকুক বণিক বার্তা। সামনের দিনগুলোতে আমি প্রতিষ্ঠানটির আরো সমৃদ্ধি কামনা করছি।

জয় বাংলা জয় বঙ্গবন্ধু

ড. মো. আবদুর রাজ্জাক

মন্ত্রী, কৃষি মন্ত্রণালয় ও প্রেসিডিয়াম সদস্য- বাংলাদেশ আওয়ামী লীগ