বাংলাদেশের পত্রিকাগুলোর মধ্যে বণিক বার্তার একটি অনন্য বৈশিষ্ট্য আছে। এটি পত্রিকাটিকে অন্য পত্রিকাগুলো থেকে আলাদা করেছে। দৈনিকটিতে দেশের বাণিজ্য, বিশ্ববাণিজ্য, দেশের অর্থনৈতিক সংবাদ, বিদেশের অর্থনৈতিক সংবাদ যেভাবে গুরুত্ব দেয়া হচ্ছে, তাতে এর পাঠক অনেক উপকৃত হচ্ছে। এ পত্রিকার পাঠক অবশ্য একেবারে সাধারণ পাঠক নয়। অর্থনীতি-বাণিজ্য সম্পর্কে, অর্থনৈতিক পরিবর্তনগুলো সম্পর্কে, অর্থনৈতিক নীতি সম্পর্কে যাদের আগ্রহ রয়েছে, তারা এ পত্রিকার পাঠক হয়েছে। তাদের কাছে দৈনিকটি পড়া একটি দৈনন্দিন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। আমি প্রতিদিন পত্রিকাটি অনলাইনে পড়ি। কারণ এর খবরগুলোর অনন্যতার কারণে সেগুলো পড়া আমার কাছে অপরিহার্য মনে হয়। আমার গবেষণার জন্য, লেখালেখির জন্য একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় হিসেবে বিবেচনা করি।
বলা দরকার যে বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ সংবাদগুলো অনুবাদ করে পাঠকদের কাছে উপস্থাপন করলে বণিক বার্তার জনপ্রিয়তা আরো বাড়বে। আমার মনে হয়, মেমোরেন্ডাম অব আর্টিকেলগুলো কমিয়ে যদি সংবাদ আরো বেশি দেয়, তাহলে আরো ভালো হয়। অনেক পাঠকই এগুলো পড়তে চায় না। ১৬ পৃষ্ঠার একটি কাগজের কয়েক পৃষ্ঠা মেমোরেন্ডাম অব আর্টিকেল ছাপা হলে পাঠক বাড়তি সংবাদ থেকে কিছুটা বঞ্চিত হয়। দৈনিকটির নিরন্তর সাফল্য কামনা করি।





