আমাকে দক্ষিণ-পূর্ব এশিয়ার সংকটকালের শেষদিকে বিদেশী মুদ্রায় ঋণ পোর্টফলিও নিরীক্ষার কাজে কিছুদিন ইন্দোনেশিয়ায় কাজ করতে হয়েছিল। তখন তাদের অর্থমন্ত্রীর একটি কথা এখনো আমার কানে বাজে। তিনি বলেছিলেন, একটি দায়িত্বশীল ব্যবসায়ের পত্রিকা স্থানীয় ব্যবসা ও শিল্পের অগ্রগতিতে মহীরুহ ভূমিকা পালন করতে পারে। আমার যদ্দূর মনে পড়ে, আমি বণিক বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতেও এ কথাটি উল্লেখ করেছিলাম।
বণিক বার্তায় শুরু থেকেই কিছু কিছু লিখলেও আমার প্রধান পরিচয় আমি বণিক বার্তার একজন একনিষ্ঠ পাঠক। বিশ্বাস না হলে পত্রিকাটির অনুজপ্রতিম সম্পাদক বা সম্পাদকীয় বিভাগের প্রধান এমনকি প্রধান প্রতিবেদককে জিজ্ঞেস করুন, কে তাদের ভোররাত একটা বা সাড়ে ছয়টায় অভিনন্দন বা নিন্দাবার্তা বা সংশোধন করার অনুরোধ পাঠায়। আমি সৌভাগ্যবান যে, তারা সবাই এখনো আমাকে এড়িয়ে যাননি।
এই একটি পত্রিকা যার আদ্যোপান্ত আমি পড়ি বলে দাবি করতে পারি। প্রথমে দেখি শিরোনাম। তারপরে চারের পাতা। আর প্রযুক্তিপাতার সবকিছুই প্রায় মুখস্থ করে ফেলি। প্রযুক্তি আর রূপান্তর যে একটি ব্যবসায়ের বিষয় এটা আজতক আমি কোনো নামী-দামী পত্রিকার ব্যবসায় সম্পাদকদের বুঝাতে পারিনি। বণিক বার্তার সম্পাদক আর কুশলীবরা নিজ থেকেই তা বুঝে ফেলেছেন। প্রযুক্তি বিশ্বে কি ঘটছে, পুঁজিবাজারে কোনো কোম্পানির শেয়ার কেমন করছে আর নেতৃস্থানীয় ব্যক্তিদের আসা-যাওয়া সব খবর থাকে বণিক বার্তায়।
এই করোনাকালে তাদের করোনাবিশ্ব পাতারও প্রশংসা করতে হয়। আর সবচেয়ে বেশী প্রশংসা প্রাপ্য সম্পাদকীয় পাতার। নতুন প্রায় সব ব্যবসায় বা অর্থনৈতিক লেখকের হাতেখড়ি বণিক বার্তার মাধ্যমে। তাদের মধ্যে প্রায় অর্ধেক ঢাকার বাইরের বা দেশের বাইরের লেখক। বেশীরভাগের লেখা আবার সুচিন্তাপ্রসূত এবং বৈচিত্রময়। আরেকটি বিষয় লক্ষ্য করলাম, অনেক ভালো ভালো অনুসন্ধানী রিপোর্ট বণিক বার্তায় ছাপা হওয়ার কয়েকদিন পর অন্য বড় পত্রিকায় ছাপা হয়।
প্রিয় পত্রিকার দশ বছর পূর্তিতে আরেকটি বিষয়ে কলা-কুশলীদের দৃষ্টি আকর্ষণ করেই ইতি টানবো। তাহলো রিপোর্টের বিষয় নির্বাচন ভালো হলেও ট্রিটমেন্ট আরো গভীর হওয়া উচিত। তারজন্য প্রতিবেদকদের প্রতিনিয়ত প্রশিক্ষণ দিতে হতে পারে। লেখকদের মধ্যে অভিজ্ঞরাই প্রশিক্ষকের দায়িত্ব নিতে পারেন।
বাংলাদেশে বেসরকারি খাত ও ব্যক্তিখাতের সত্যিকার ব্যবসায়িক সাফল্য এখনো সীমিত। আমাদের অর্থনীতিবিদদের মধ্যেও দারিদ্র্য গবেষণার বাইরের লোক খুব কম। তবে আমরা এখানে আটকে থাকলে হবে না। হয়তো থাকবোও না। তাই দেশের সাথে বণিক বার্তাকেও এগিয়ে যেতে হবে নতুবা বণিক বার্তার সাথে দেশ।





