আগামীতে উড়োজাহাজ চার্টার্ড ও হেলিকপ্টার ভাড়া করতে বেশি অর্থ ব্যয় করতে হবে। আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেটে চার্টার্ড উড়োজাহাজ ও হেলিকপ্টার ভাড়ার ওপর সম্পূরক শুল্ক আরো ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। গতকাল জাতীয় সংসদে এ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
‘অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথপরিক্রমা’ শিরোনামে অর্থমন্ত্রী মুস্তফা কামালের দ্বিতীয়বারের মতো উত্থাপিত এ বাজেটে চার্টার্ড উড়োজাহাজ ও হেলিকপ্টার ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। চার্টার্ড উড়োজাহাজ ও হেলিকপ্টার ভাড়ার ওপর বিদ্যমান সম্পূরক শুল্ক ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হয়েছে। ফলে চার্টার্ড উড়োজাহাজ ও হেলিকপ্টার ভাড়া আরো বাড়ছে। এছাড়া বাড়ছে ব্যক্তিগত গাড়ির রেজিস্ট্রেশন ফিও।





