দেশের অভ্যন্তরীণ বাজারনির্ভর খাতটি বর্তমানে উচ্চ ভ্যাট, ভাড়া ব্যয়, বিদ্যুৎ-গ্যাসের মূল্যবৃদ্ধি এবং অনলাইন অনিয়ন্ত্রিত প্রতিযোগিতার কারণে চাপের মধ্যে রয়েছে।

প্রথমত, ব্যাংকের উচ্চ সুদের কারণে রিটেইল ব্যবসা বড় ধাক্কা খাচ্ছে। তাছাড়া ভ্যাট ও ট্যাক্স কাঠামো সহজীকরণ উদ্যোক্তাদের প্রধান দাবি। বর্তমানে খুচরা বিক্রয়ে বিদ্যমান ভ্যাট হার অনেক ক্ষেত্রে ছোট ও মাঝারি ব্যবসার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এ হার যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা এবং টার্নওভারভিত্তিক কর সুবিধা বাড়ানো হলে ব্যবসা টেকসই হবে এবং রাজস্ব আয়ও বাড়তে পারে।

দ্বিতীয়ত, শপিং মল ও মার্কেটের উচ্চ ভাড়া নিয়ন্ত্রণে নীতিগত দিকনির্দেশনা প্রয়োজন। রাজধানীসহ বড় শহরগুলোতে ভাড়া ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় অনেক উদ্যোক্তা ব্যবসা টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন। এক্ষেত্রে সরকার প্রণোদনা বা কর ছাড়ের মাধ্যমে সহায়তা দিতে পারে। শপিং মল সন্ধ্যায় বন্ধ হয়ে যাওয়ায় ক্রেতারা অফিস থেকে বের হয়ে কিছু কিনতে পারছেন না। ফলে সকালে পরে শুরু করে রাত ৯টা পর্যন্ত শপিং মল খোলা রাখা যেতে পারে।

তৃতীয়ত, দেশীয় ব্র্যান্ড সুরক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইন প্লাটফর্মে অনিবন্ধিত ও নিম্নমানের পণ্যের সহজ প্রবেশ বাজারে অসম প্রতিযোগিতা তৈরি করছে। তাই ই-কমার্স ও সোশ্যাল মিডিয়া বাণিজ্যে নিবন্ধন বাধ্যতামূলক করা এবং মান নিয়ন্ত্রণ জোরদার করা প্রয়োজন।

এছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্পসুদে ঋণ, ডিজিটাল পেমেন্টে প্রণোদনা এবং দেশীয় ফ্যাশন ব্র্যান্ডের প্রচারে সরকারি সহায়তা বাড়ানোর দাবি করছি।