নতুন ক্লাউড গেমিং ডিভাইস বাজারজাতে একত্রে কাজ করার ঘোষণা দিয়েছে লজিটেক ও টেসসেন্ট। লজিটেকের জি ব্যান্ড হার্ডওয়্যার ও টেনসেন্টের সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ডিভাইসটি তৈরি করা হচ্ছে। খবর এনগ্যাজেট।
ল্যান্ডিং পেজের তথ্যানুযায়ী, নতুন ডিভাইসটি লজিটেক জি গেমিং হ্যান্ডহেল্ড নামকরণ করা হয়েছে। চলতি বছর শেষে ডিভাইসটি বাজারে আসবে বলে জানিয়েছে লজিটেক। একে একাধিক ক্লাউড গেমিং পরিষেবা চলবে। টেনসেন্ট ও লজিটেক বর্তমানে মাইক্রোসফট ও এনভিডিয়ায় এক্সবক্স ক্লাউড গেমিং ও জিফোর্স নাউ টিমের সঙ্গে কাজ করছে। তাই ধারণা করা হচ্ছে হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসটিতে দুটি প্লাটফর্মের গেমই সাপোর্ট করবে।
বিশ্বজুড়ে চলমান চিপ স্বল্পতার কারণে যে সরবরাহ সংকট চলছে এর ফলে নতুন ডিভাইসটির পাশাপাশি সব ধরনের বৈদ্যুতিক পণ্য উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে এর বাজারজাতের বিষয়ে তথ্য পাওয়া যায়নি। বর্তমানে স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন ক্লাউড গেমিং পরিষেবার ওয়েব অ্যাপে প্রবেশ করা যায়। ফলে ডিভাইসটি তৈরিতে তেমন কোনো জটিল কাজ নেই বলে ধারণা করছেন বিশ্লেষকরা। ভালভের স্টিম ডেক ডিভাইসের মতো এটিকে অত শক্তিশালী করারও প্রয়োজন হবে না।










