আগামী বছর থেকে স্ট্রিট ভিউ অ্যাপের সাপোর্ট বন্ধ করে দেবে গুগল। এর অংশ হিসেবে বর্তমানে বিভিন্ন অ্যাপ স্টোর থেকে স্ট্রিট ভিউ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্রের এ সার্চ ইঞ্জিন জায়ান্ট। খবর টেকনেভ।
দ্য ভার্জকে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানির মুখপাত্র ম্যাডিসন গোভিয়ে। অ্যাপ সরিয়ে দেয়ার বিষয়ে প্রথম জানতে পেরেছে নাইনটুফাইভ গুগল। জানা যায়, অ্যাপটি থেকে সরে যাওয়ার পরিকল্পনা করছে আলফাবেট মালিকানাধীন প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
অ্যান্ড্রয়েড ও আইওএস দুই সংস্করণে থাকা অ্যাপটি ব্যবহারকারীকে গুগল ম্যাপে থাকা বিভিন্ন জায়গা স্ট্রিট ভিউয়ের মাধ্যমে দেখার সুবিধা দেয়। পাশাপাশি তুলনামূলক ভালো স্ট্রিট ভিউ সুবিধা দিতে ৩৬০ ডিগ্রি ছবি বা গুগলের নাম দেয়া ফটো স্ফিয়ার্স ফিচারটি সুবিধা দেয়। এখনো গুগল ম্যাপের মূল অ্যাপে স্ট্রিট ভিউ সুবিধাটি ব্যবহারের পাশাপাশি স্ট্রিট ভিউ স্টুডিও নামের একটি ওয়েব অ্যাপে বিভিন্ন ৩৬০ ডিগ্রি ছবি দিতে পারবেন ব্যবহারকারী।
ভার্জের তথ্যানুযায়ী, আলাদা একটি অ্যাপ থাকা কিছুটা অপ্রয়োজনীয় মনে করায় শিগগিরই এটি থেকে সমর্থন সরিয়ে নেবে গুগল। তবে এ পরিবর্তনের মাধ্যমে গুগল যে ম্যাপস অ্যাপটি থেকে ব্যাপকভাবে সরে যাচ্ছে, তা নয় বলেও ভার্জ প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কয়েক সপ্তাহ আগেই অ্যাপটিকে আরো গ্রাহক সম্পৃক্ত করার কয়েকটি উপায় দেখিয়েছে কোম্পানিটি। এর মধ্যে ইমার্সিভ ভিউ নামের একটি ফিচার, যা ব্যবহারকারীকে একটি নির্দিষ্ট জায়গার ৩ডি এরিয়াল ভিউসহ আবহাওয়া ও ট্রাফিকের মতো কয়েকটি বিষয়ের বিস্তারিত তথ্য দেখায়।










