নতুন ফিচার, পণ্য ও অন্যান্য বিষয়ে ব্যবহারকারীদের অভিব্যক্তি ও মতামত জানতে নতুন ইন-অ্যাপ সার্ভে ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ। ফিচারের অধীনে মতামত গ্রহণের আগে হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে একটি প্রাইভেট মেসেজ রিকোয়েস্ট পাঠানো হবে। খবর গ্যাজেটসথ্রিসিক্সটি।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, ব্যবহারকারীরা চাইলে মেসেজ রিকোয়েস্ট এড়িয়ে যেতে বা ডিলিট করে দিতে পারবে। এছাড়া মেসেজিং প্লাটফর্মটি আরো একটি ফিচার নিয়ে কাজ করছে। এর আওতায় যতগুলো ডিভাইসের সঙ্গে অ্যাকাউন্ট যুক্ত থাকবে সেখান থেকে ব্যবহারকারী নিজেকে মেসেজ পাঠাতে পারবে।

হোয়াটসঅ্যাপের ফিচার অনুসরণকারী ওয়াবেটাইনফো প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি সম্ভবত নিরাপদ ইন-অ্যাপ সার্ভে চ্যাট নিয়ে কাজ করছে। ব্যবহারকারীরা চাইলে এসব মেসেজের রিকোয়েস্ট বাতিল করতে পারবে, এমনকি ভবিষ্যতে জরিপে অংশ নেয়ার মেসেজ আসা চিরতরে বন্ধও করে দিতে পারবে।

হোয়াটসঅ্যাপ শুধু গ্রাহকদের মতামত জানার জন্য এ জরিপ কথোপকথন ব্যবহার করবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। ফিচারটি কবে নাগাদ ব্যবহারকারীদের জন্য চালু করা হবে সে বিষয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য প্রথমে এটি চালু করা হতে পারে। অন্যদিকে লিংকড ডিভাইস থেকে নিজেকে মেসেজ পাঠানোর ফিচারটিও ভবিষ্যৎ আপডেটের মাধ্যমে আনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে। প্রযুক্তিবিদদের ধারণা, চলতি বছরের শুরুতে মাল্টি-ডিভাইস সাপোর্ট চালুর অংশ হিসেবে এটি আনা হবে।

বর্তমানে মূল ডিভাইসে ব্যবহারকারীর নম্বরসহ চ্যাট দেখায় হোয়াটসঅ্যাপ। একাধিক ডিভাইসে এ সুবিধা পাওয়া যায় না। ফিচার ট্র্যাকারের তথ্যানুযায়ী, হোয়াটসঅ্যাপের ডেস্কটপ বেটা ভার্সনে ব্যবহারকারীরা অন্য কাউকে খোঁজার সময় লিস্টের ওপরে নাম দেখতে পারবে। অ্যান্ড্রয়েড ও আইওএস ভার্সনে ফিচারটি শিগগিরই চালু করা হবে।