লাইভ শপিং ফিচার বন্ধ করতে যাচ্ছে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ফিচারটির মাধ্যমে কনটেন্ট নির্মাতারা বা ব্যবসায়ীরা লাইভে এসে তাদের পণ্য বিক্রি করতে পারত বা দেখাতে পারত। খবর গ্যাজেটসনাউ।
আগামী ১ অক্টোবর ফিচারটি বন্ধ হয়ে যাবে। টেকক্রাঞ্চ প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, চলতি বছর ফেসবুক তাদের লাইভ শপিং ফিচার পুরোপুরি বন্ধ করে দেবে। প্লাটফর্মটি জানায়, লাইভ শপিং থেকে রিলসে মনোযোগ বাড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে। এক বিবৃতিতে ফেসবুক জানায়, বর্তমানে ভোক্তাদের মনোযোগ ধীরে ধীরে শর্ট ভিডিওর দিকে প্রবাহিত হচ্ছে। সে কারণে আমরাও ফেসবুক ও ইনস্টাগ্রামে থাকা রিলসে আমাদের কার্যক্রম স্থানান্তরিত করছি। প্রতিবেদনে আরো বলা হয়, ফিচারটি ফেসবুক থেকে সরিয়ে ফেলা হলেও ইনস্টাগ্রামে থাকবে।
২০১৮ সালে ফেসবুক প্রথম লাইভ শপিং ফিচারটি আনে। এটি অনলাইনে ব্যবসায়ীদের লাইভে পণ্য দেখানোর ও বিক্রি করার সুবিধা দিয়ে আসছিল। ২০২০ সালে পৃথিবীর অন্য অঞ্চলগুলোয় ফিচারটি চালু করে প্লাটফর্মটি। ফেসবুক জানায়, কেউ যদি ভিডিওর মাধ্যমে মানুষের কাছে পৌঁছতে চায় ও যোগাযোগ করতে চায় তাহলে ফেসবুক ও ইনস্টাগ্রামে থাকা রিলস ও রিলস অ্যাডস ব্যবহার করতে পারবে। এছাড়াও চাইলে ইনস্টাগ্রামের রিলসে পণ্য যুক্ত করতে পারবে।










