একদিনের ব্যবধানে আবারো বিঘ্নিত হয়েছে অ্যাপলের পরিষেবাগুলো। গতকাল মঙ্গলবার ইস্টার্ন সময় বিকাল ৫টা ০৯ মিনিটে শুরু হওয়া এ বিভ্রাটে অ্যাপল মিউজিক এবং পডকাস্ট ছাড়াও আইওএস এবং ম্যাকওএসের অ্যাপ স্টোরের পরিষেবা বিঘ্নিত হয়েছিল। এছাড়া অ্যাপলের অন্যান্য পরিষেবা অফলাইন হয়ে গিয়েছিল। তবে মাত্র দেড় ঘণ্টার মধ্যে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এ পরিষেবাগুলো। এর আগে গত সোমবারও এমন বিভ্রাটের সম্মুখীন হয়ে প্রায় তিন ঘণ্টা অচল ছিল টেক জায়ান্টটির পরিষেবাগুলো। খবর টেকটাইমস।

এ বিঘ্নতা শুরু হওয়ার পরপরই হইচই পড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ব্যবহারকারীরা পোস্ট দিয়ে জানতে চেয়েছেন অন্যরাও তাদের মতো একই সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা। এক ব্যবহারকারী টুইটারে পোস্ট করে জানান, তার অ্যাপল মিউজিকের অর্ধেক গান খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে শুধু অর্ধেক গানই কেন অফলাইন হয়ে গিয়েছিল- এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।

অ্যাপলের কোন কোন পরিষেবা বিঘ্নতার কবলে পড়েছে তা জানিয়েছে অ্যাপল কর্তৃপক্ষ। এর মধ্যে অ্যাপলের ইকোসিস্টেমে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি অ্যাপ আইওএসের অ্যাপ স্টোর এবং ম্যাক ওএসের ম্যাক অ্যাপ স্টোর উল্লেখযোগ্য। সাধারণত এ দুটি অ্যাপ দিয়েই ব্যবহারকারীরা অন্যান্য অ্যাপ ডাউনলোড করে থাকেন।

এ দুটি অ্যাপ ছাড়াও বিনোদনের বিভিন্ন অ্যাপ যেমন অ্যাপল মিউজিক, পডকাস্ট এমনকি অ্যাপল বুকসের পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছিল। পাশাপাশি অ্যাপল আইক্লাউড ওয়েব অ্যাপস, অ্যাপল কার্ড, ওয়েদার এবং অ্যাপল গেম সেন্টারের পরিষেবা বিঘ্নিত হয়েছিল।