অল্পবয়সী ব্যবহারকারীদের হারানোর ভয়ে শঙ্কিত ফেসবুকের মালিকানাধীন ইনস্টাগ্রাম। প্রতিষ্ঠানটি কিশোর বয়সী ব্যবহারকারীদের ধরে রাখতে এতটাই মরিয়া যে ২০১৮ সালের শুরু থেকে ইনস্টাগ্রামের বৈশ্বিক বাজারজাত বাজেটের প্রায় পুরোটাই খরচ করা হচ্ছে কিশোর-কিশোরীদের নিজস্ব প্লাটফর্মে আকৃষ্ট করার জন্য। খবর দ্য নিউইয়র্ক টাইমস।
অভ্যন্তরীণ নথিপত্র ও গোপন সূত্রের বরাতে জানা গেছে, ২০২০ সালের অক্টোবর মাসে ইনস্টাগ্রামের অভ্যন্তরীণ একটি মেমোতে উল্লেখ ছিল, আমরা যদি মার্কিন কিশোর-কিশোরীদের বাজারে অবস্থান হারাই, তবে পুরো পাইপলাইন হাতছাড়া হয়ে যাবে আমাদের।
ইনস্টাগ্রামের বাজারজাত খরচ ও কৌশলের প্রায় পুরোটাই কিশোর বয়সীদের ওই প্লাটফর্মে ধরে রাখার উদ্দেশ্য নিয়ে পরিচালিত হচ্ছে ২০১৮ সাল থেকে। এ খাতে ২০২১ সালে বাজেট ধরা হয়েছে ৩৯ কোটি ডলার। কেবল একটি বয়সসীমার ব্যবহারকারীদের এত বেশি গুরুত্ব দেয়া বাজার বিশ্লেষকদের চোখেও অস্বাভাবিক ঠেকেছে।
বাজারজাত খরচের একটি অংশ অভিভাবক এবং তরুণদের জন্যও আলাদা করে রেখেছে ছবি ও ভিডিও শেয়ার করায় প্রাধান্য দেয়া সামাজিক মাধ্যমটি। তবে টিকটক ও স্ন্যাপচ্যাটের মতো অ্যাপগুলোর উপস্থিতিতে কিশোর বয়সী ব্যবহারকারীদের ধরে রাখতে শক্ত প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হচ্ছে প্লাটফর্মটি।
প্রতিবেদনটি এমন একটি সময়ে সামনে এল যখন চারদিক থেকেই চাপের মুখে আছে ফেসবুক ও প্রতিষ্ঠানটির মালিকানাধীন অন্য সেবাগুলো। অভ্যন্তরীণ নথি ও গবেষণা প্রতিবেদন ফাঁস করে ফেসবুকের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মী ফ্রান্সিস হাউগেন।










