এসি কেনার অনেক সুবিধা দিচ্ছে বিভিন্ন ব্র্যান্ড। কিন্তু দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় এর বিদ্যুৎ বিল। এসি চালালে বেশ খানিকটা বাড়তি বিদ্যুৎ বিল দিতে হয়। কিছু ছোট ছোট পদক্ষেপ নিয়ে বিল কমিয়ে আনতে পারেন অনেকটাই। দ্য বেটার ইন্ডিয়ার বরাতে জেনে নিন তেমনই কিছু টিপস।

এসি অন করার আগে দরজা-জানালা খুলে রাখুন

এসি চালানোর কিছুক্ষণ আগে অল্পকিছু সময়ের জন্য আপনার ঘরের সবগুলো দরজা-জানালা খুলে দিন। এতে অতিরিক্ত গরমে ঘর তেতে থাকলে সে তাপও ঘর থেকে বেরিয়ে যেতে পারবে। সেই সঙ্গে ঘরের ফ্যানও চালিয়ে দিন। এতে করে ঘরের ভেন্টিলেশন প্রক্রিয়া আরো ভালো হবে। ঘরের পরিবেশ এমন রাখার ফলে এসি খুব তাড়াতাড়ি তার কুলিং সিস্টেম চালু করতে সক্ষম হবে। বিশেষজ্ঞরা বলেন, ২০ মিনিট ঘরের জানালা-দরজা খুলে রেখে, পরে যখন দরজা-জানালা বন্ধ করে আবার এসি চালাবেন, তখন ঘরটি ঠাণ্ডা করতে আপনার এসি মাত্র ৩০ মিনিট বা তারও কম সময় নেবে।

এসির সঠিক তাপমাত্রা সেট করুন

এসি অন করে তার তাপমাত্রা অন্তত ২০ মিনিটের জন্য ১৬ ডিগ্রিতে দিয়ে কুইক কুল মোডে অন করে রাখুন এবং তারপর সেটিকে ২৪ ডিগ্রিতে সেট করুন। এমনটা করলেও ইলেকট্রিক বিল কম আসবে। প্রতি ডিগ্রিতে ৬ শতাংশ করে বিদ্যুৎ সাশ্রয় হয়। তাই ঘরে লাগানো এসির তাপমাত্রা ১৮ ডিগ্রির পরিবর্তে ২৪ ডিগ্রিতে চালিয়ে রাখলে বিদ্যুৎ বিল অনেকটাই সাশ্রয় করা সম্ভব হবে। 

টাইমার সেট করে দিন

বর্তমানে বাজারে থাকা বেশির ভাগ এসিতেই রয়েছে টাইমার সেট করে রাখার সুবিধা। টাইমার সেট করে রাখলে একটি নির্দিষ্ট সময় পর এসি সুইচ অফ করে দিতে পারে ও তাতে বিদ্যুৎ খরচ সামান্য হলেও কম করা যায়। এ পদ্ধতি অবলম্বন করেও আপনাদের ব্যবহার্য বিদ্যুৎ বিল অনেকখানি কমিয়ে আনা সম্ভব। 

ইলেক্ট্রনিক ডিভাইস বন্ধ রাখুন

ঘরের টিভি, ফ্রিজ ও অন্যান্য ইলেক্ট্রনিক ডিভাইস থাকলে তা থেকে তাপ নির্গত হয়। তাতে করে ঘরের তাপমাত্রা আরো বাড়তে থাকে। তখন ঘর ঠাণ্ডা করতে এসিকে আরো বেশি কাজ করতে হয়। এ পরিস্থিতি থেকে নিজেদের সুরক্ষা দিতে এসি চালানোর আগে ডিভাইসগুলো যতটা সম্ভব বন্ধ করে রাখলে বিদ্যুৎ খরচ কম হবে।