পূর্ব ইউক্রেনের দোনেস্ক ও লুহানস্কে গুগলের সার্চ ইঞ্জিনের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। বর্তমানে এ অঞ্চল দুটির নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে। খবর টেকটাইমস।
রাশিয়ার সরকার যুক্তরাষ্ট্রের এ প্রযুক্তি জায়ান্টের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও সহিংসতা ছড়ানোর অভিযোগ করেছে। এক বিবৃতিতে দোনেস্ক পিপলস রিপাবলিকের প্রধান ডেনিস পুশিলিন জানান, ইউক্রেন ও পশ্চিমের অমানবিক অপপ্রচার সীমা ছাড়িয়ে গেছে। পুশিলিন বলেন, ভুল তথ্য ও মিথ্যার কারণে রাশিয়ার অধিবাসীরা নিপীড়নের শিকার হচ্ছে। এজন্য তিনি গুগলের সার্চ ইঞ্জিনকে প্রচেষ্টার অগ্রভাগে থাকার অভিযোগ করেছেন।
পুশিলিন আরো বলেন, গুগল সমগ্র রাশিয়ানদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও সহিংসতা প্রচার করে এবং যুক্তরাষ্ট্র সরকার সেগুলো সংশোধন করে। গুগলের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের বিষয়ে পুশিলিন জানান, গুগল অপরাধমূলক নীতি অনুসরণ করায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে। প্রযুক্তি জায়ান্টটি যদি আইন মেনে স্বাভাবিক কার্যক্রম শুরু করতে পারে, তখনই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে।
চরমপন্থী কার্যক্রম পরিচালনার অভিযোগে ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যক্রম বন্ধ করে দিয়েছিল রাশিয়া। একই কারণে ডিপিআর ও লুহানস্ক পিপলস রিপাবলিকও এদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে। রাশিয়া, উত্তর কোরিয়া ও সিরিয়া হলো একমাত্র জাতিসংঘের সদস্য রাষ্ট্র, যারা দোনেস্ক ও লুহানস্কে স্বঘোষিত প্রজাতন্ত্রকে বৈধ কর্তৃপক্ষ হিসেবে স্বীকৃতি দিয়েছে।










