প্রযুক্তি জায়ান্টদের লাগাম টেনে ধরতে আরেকটি ‘অ্যান্টি ট্রাস্ট’
বিল উপস্থাপন করতে যাচ্ছেন মার্কিন সিনেটররা। এটি প্রযুক্তি গ্রাহকদের স্বার্থরক্ষায় বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এ বিল আইনে পরিণত হলে গুগল, ফেসবুক, অ্যামাজনের মতো প্রযুক্তি জায়ান্টগুলোর ওপর আরো চাপ সৃষ্টি হবে। খবর রয়টার্স।
বিলটি এরই মধ্যে মার্কিন হাউজ অব জুডিশিয়ারিতে পাস হয়েছে। এটি আইনে পরিণত হতে হলে সিনেটেও পাস হতে হবে। মূলত ছোট কোম্পানিগুলোকে টিকিয়ে রাখতে সহায়তা করবে। আগামী সপ্তাহের প্রথম দিকেই এটি সিনিটে উত্থাপন করা হবে।
অ্যামাজন, গুগলসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো পক্ষপাতমূলকভাবে পণ্যের বিষয়ে জরিপ প্রকাশ করে। আবার তৃতীয় পক্ষ থেকে ডাটা ক্রয় করে বাজারে চাহিদা বুঝে নিজেরা নতুন পণ্য নিয়ে আসে, যা তরুণ উদ্যোক্তাদের ব্যবসায় টিকে থাকতে বড় বাধা। ফলে বাজার প্রতিযোগিতা হারায়। এটি ভোক্তার জন্য একটি বড় অসুবিধা।
অন্যদিকে বড় প্লাটফর্মগুলোতেও উদ্যোক্তা বা ছোট কোম্পানিগুলোকে কম গুরুত্ব দেয়া হয়।
যুক্তরাষ্ট্রের ‘অ্যান্টি ট্রাস্ট’
ল-এর তিনটি অ্যাক্ট হলো—শারম্যান অ্যাক্ট, ক্লেইটন অ্যাক্ট ও ফেডারেল ট্রেড কমিশন অ্যাক্ট। এ আইনে এক দামে পণ্য বিক্রি, একই পণ্যের অন্য ব্যবসায়ীকে বাধা দেয়া, একচেটিয়া বাজার দখল এবং একজোট হয়ে বাজার দখল নিষিদ্ধ।
নতুন ‘অ্যান্টি ট্রাস্ট’
বিল আইনে পরিণত হলে ডিজিটাল মাধ্যমে বড় কোম্পানিগুলো ছোট কোম্পানিগুলোকে ব্যবসা করতে বাধা দেয়া বা গ্রাহককে কোনো পণ্য কিনতে বাধ্য করা অথবা কোনো রকম অনৈতিকতার আশ্রয় নিতে পারবেন না।










