বৈশ্বিক জ্বালানি সংকট ও বাংলাদেশ সরকারের গৃহীত মিতব্যয়ী পদক্ষেপের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সপ্তাহে একদিন ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু করেছে গ্রামীণফোন। এ উদ্যোগের আওতায় গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপিহাউজ প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকবে এবং কর্মীরা বাসা থেকে কাজ করবেন। গ্রামীণফোন এরই মধ্যে সারা দেশে তাদের চলমান কার্যক্রমে বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক একটি প্লাটফর্ম ব্যবহার করে আসছে।

গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভির হোসেন বলেন, সাম্প্রতিক সময়ে সারা বিশ্ব একটি মারাত্মক জ্বালানি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি ও সরবরাহের ঘাটতি অর্থনীতির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে, যার প্রভাব আমাদের জীবনেও পড়ছে। এই কঠিন সময়ে আমরা চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিচক্ষণ পদক্ষেপের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিদ্যুতের সাশ্রয় করার জন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি এবং সপ্তাহে একদিন হোম অফিস চালু করেছি।

বিশ্বব্যাপী জ্বালানির দাম ক্রমাগত বৃদ্ধির কারণে সরকার বিদ্যুৎ উৎপাদন সীমিত করতে বাধ্য হচ্ছে। ফলে এলাকাভিত্তিক লোডশেডিং শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য সরকার বেশকিছু পদক্ষেপ গ্রহণ করছে এবং বিদ্যুৎ ব্যবহারে সবাইকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়েছে। এ আহ্বানে সাড়া দিয়ে শীর্ষ মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন সপ্তাহে একদিন বাসা থেকে কাজের এ নীতি ঘোষণা করেছে।