বিজ্ঞাপন আয় কমে যাওয়ায় দ্বিতীয় প্রান্তিকের আয়ে বড় ধাক্কা খেয়েছে টুইটার। সম্প্রতি প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে মাইক্রোব্লগিং সাইটটি জানায়, এপ্রিল-জুন প্রান্তিকে টুইটারের আয় হয়েছে ১১৮ কোটি ডলার। যা আগের বছরের তুলনায় ১ শতাংশ কমেছে। টুইটারের দাবি, সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সংকটের পাশাপাশি ইলোন মাস্কের ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার অধিগ্রহণ পরিকল্পনা ভেস্তে যাওয়ার প্রভাব পড়েছে তাদের আয়-ব্যয়ে।
সম্প্রতি প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে টুইটার জানায়, দ্বিতীয় প্রান্তিকে তাদের বিজ্ঞাপন আয় হয়েছে ১০৮ কোটি ডলার। ওয়াল স্ট্রিটের পূর্বাভাস ছিল যেখানে ১২২ কোটি ডলার। সাবস্ক্রিপশন ও অন্যান্য উৎস থেকে আয় হয়েছে ১০ কোটি ১০ লাখ ডলার। যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৭ শতাংশ কমেছে। দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মোট ব্যয় হয়েছে ১৫২ কোটি ডলার, যা বছরওয়ারি ৩১ শতাংশ বেড়েছে। টুইটারের পরিচালন লোকসান হয়েছে ৩৪ কোটি ৪০ লাখ ডলার। গত বছর যেখানে পরিচালন আয় হয়েছিল ৩ কোটি ডলার। এপ্রিল-জুন প্রান্তিকে নিট লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ কোটি ডলার। গত বছরের একই প্রান্তিকে যেখানে নিট আয় হয়েছিল ৬ কোটি ৬০ লাখ ডলার। ২০২০ সালের পর এই প্রথম কোনো প্রান্তিকে আয় কমল টুইটারের।
এপ্রিল-জুন প্রান্তিকে আয় কমার পেছনে সরাসরি মাস্কের ভূমিকার কথা তুলেছে টুইটার কর্তৃপক্ষ। চলতি বছরের ২৫ এপ্রিল ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার অধিগ্রহণের ঘোষণা দেয় মাস্ক। টেসলার এ শীর্ষ নির্বাহী তখন বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছিলেন যে ২০২৮ সালের মধ্যে টুইটারের আয় পাঁচ গুণ বাড়াবেন এবং ওই বছরের মধ্যেই সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৯৩ কোটি ১০ লাখে নিয়ে যাবেন।
কিন্তু প্লাটফর্মটিতে স্প্যাম, বট ও ভুয়া অ্যাকাউন্টের প্রকৃত সংখ্যা শেয়ার না করায় চলতি মাসের শুরুতে অধিগ্রহণ পরিকল্পনা বাতিলের ঘোষণা দেন মাস্ক। এতে টুইটারের শেয়ারদর দ্রুত পতন হতে থাকে। মাস্ক যখন অধিগ্রহণের প্রস্তাব দেন তখন টুইটারের শেয়ারদর ছিল ৫৪ দশমিক ২০ ডলার। কিন্তু শুক্রবার টুইটারের শেয়ারদর নেমে আসে ৩৮ দশমিক ৯০ ডলারে।
হতাশার উপাত্তের মধ্যে টুইটারের জন্য আশাব্যঞ্জক দিক হচ্ছে, গত প্রান্তিকে সক্রিয় মাসিক ব্যবহারকারী বৃদ্ধি। এপ্রিল-জুন প্রান্তিকে টুইটারের সক্রিয় মাসিক ব্যবহারকারী ২৩ কোটি ৭৮ লাখে দাঁড়িয়েছে। যা গত বছরের একই প্রান্তিকের চেয়ে ১৬ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে টুইটারের সক্রিয় মাসিক ব্যবহারকারী দাঁড়িয়েছে ৪ কোটি ১৫ লাখ, যা গত বছরের একই প্রান্তিকের চেয়ে ১৪ দশমিক ৭ শতাংশ বেড়েছে। দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক সক্রিয় ব্যবহারকারী ছিল ১৯ কোটি ৬৩ লাখ, যা আগের বছরের চেয়ে বেড়েছে ১৭ শতাংশ।
সাম্প্রতিক মাসগুলোতে টুইটার ও অন্যান্য সোশ্যাল মিডিয়া কোম্পানির বিজ্ঞাপন আয় লক্ষণীয় পরিমাণে কমেছে। অর্থনৈতিক শ্লথগতির শঙ্কা ও ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিজ্ঞাপন ব্যয় কমেছে। গত বৃহস্পতিবার স্ন্যাপ জানায়, দ্বিতীয় প্রান্তিকে রেকর্ড সর্বনিম্ন প্রবৃদ্ধি ছিল মার্কিন সোশ্যাল প্লাটফর্মটির। এতে শুক্রবারেই স্ন্যাপের শেয়ারদর ১৯ শতাংশ কমে যায় এবং কোম্পানির বাজার মূলধন ১ হাজার ৭০০ কোটি ডলারের নিচে নেমে আসে।










