চলতি বছরের শুরুতে বিশ্ববাজারে দুটি ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস উন্মোচন করে যুক্তরাষ্ট্রের অডিও পণ্য নির্মাতা কোম্পানি জেবিএল। জেবিএল টিউন বাডস ও টিউন বিম নামে এগুলো বাজারজাত করা হয়। পরবর্তী সময়ে কানাডার বাজারে এগুলোর আত্মপ্রকাশ হয়। বাজারজাতের অংশ হিসেবে এবার ভারতের বাজারে এ দুটি পণ্য প্রবেশ করতে যাচ্ছে। কোম্পানিটির ভারতীয় ওয়েবসাইটে এ ঘোষণা দেয়া হয়েছে। দুটি ইয়ারবাডের দামই ৫ হাজার রুপির বেশি থেকে শুরু হবে। দুটি ইয়ারবাডে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ব্লুটুথ ভার্সন ৫.৩ রয়েছে। টিউন বাডস অনেকটা পিল আকৃতির। এতে ১০ মিলিমিটারের ড্রাইবার ও জেবিএলের পিওর ব্যাস সাউন্ড ফিচার রয়েছে। অন্যদিকে টিউন বিমে স্টিম ডিজাইন দেয়া হয়েছে। বাকি ফিচার আগের ডিভাইসের মতোই। দুটি ডিভাইসই এলই অডিও সাপোর্টের মাধ্যমে ভালো শাব্দিক অভিজ্ঞতা দিয়ে থাকে। এএনসি ফিচার থাকায় এটি তাৎক্ষণিকভাবে বাইরে থেকে আসা শব্দ প্রতিরোধ করতে পারে। এছাড়াও স্মার্ট অ্যাম্বিয়েন্ট টেকনোলজি আশপাশের পরিস্থিতি ও পরিবেশ সম্পর্কে ব্যবহারকারীকে সতর্ক রাখে। গিজচায়না