রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের কারণে দীর্ঘ সময় ধরেই সাইবার হামলার উদ্বেগ বাড়ছে। এমন পরিস্থিতিতে সুরক্ষাবলয় শক্তিশালী করতে তত্পর মাইক্রোসফট। হুমকির তথ্য গবেষণা বাড়াতে সাইবার হুমকি বিশ্লেষণ ও গবেষণা প্রতিষ্ঠান মাইবুরোকে অধিগ্রহণ করে নিয়েছে প্রযুক্তি জায়ান্টটি। খবর ইকোনমিক টাইমস।

সম্প্রতি মাইক্রোসফট অধিগ্রহণের এ ঘোষণা দেয়। তবে মাইবুরোর সঙ্গে কত ডলারে কিংবা কী কী শর্তে অধিগ্রহণ চুক্তি হয়েছে, সে বিষয়ে প্রযুক্তি জায়ান্টটির পক্ষ থেকে পরিষ্কারভাবে জানানো হয়নি।

নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠান মাইবুরো বৈদেশিক তথ্য কার্যক্রম চিহ্নিতকরণ ও সে অনুযায়ী পদক্ষেপ গ্রহণে বেশ পারদর্শী। প্রতিষ্ঠানটি ১৬টি ভাষায় ক্ষতিকর ও চরমপন্থী ক্যাম্পেইন শনাক্ত করতে সক্ষম। ক্লিন্ট ওয়াটস মাইবুরো প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনিই প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি মাইক্রোসফটের কাস্টমার সিকিউরিটি অ্যান্ড ট্রাস্ট অর্গানাইজেশনের একটি অংশে পরিণত হয়েছে।

মাইক্রোসফটের কাস্টমার সিকিউরিটি অ্যান্ড ট্রাস্ট বিভাগের করপোরেট ভাইস প্রেসিডেন্ট টম বার্ট বলেন, মাইবুরোকে অধিগ্রহণের মাধ্যমে আমরা সাইবার হামলার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার মিশন অব্যাহত রাখব। পাশাপাশি সরকারি ও বেসরকারি খাতের গ্রাহকদের বিদেশী প্রতিপক্ষের হুমকি থেকে সুরক্ষিত রাখতে দীর্ঘমেয়াদি উপায় খুঁজে বের করা হবে। এ ধারাবাহিকতায় সরকারি ও বেসরকারি খাতের অন্যদের সঙ্গেও সম্পর্ক স্থাপন করা হবে।