ফেসবুকের প্রোফাইল পিকচারকে ডিজিটাল আর্টওয়ার্কে পরিণত করার অন্যতম অ্যাপ নিউ প্রোফাইল পিকের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ উঠেছে। রাশিয়ার হয়ে অ্যাপটি ব্যবহারকারীদের সংবেদনশীল তথ্য চুরি করেছে এমন গুঞ্জন উঠেছে। খবর টেকটাইমস।
অভিযোগ ওঠার পর পরই নিরাপত্তা বিশেষজ্ঞরা অ্যাপটির ব্যবহার বন্ধের আহ্বান জানাচ্ছে। নিউ প্রোফাইল পিক অ্যাপটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রোফাইলে থাকা ছবিকে ডিজিটাল আর্টওয়ার্কে পরিণত করে। এর অর্থ অ্যাপটি একজন ব্যবহারকারীর আসল ছবি ব্যবহার করে আরো আধুনিক ভার্সন তৈরিতে সক্ষম। তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেন, আরো গভীর কোনো কাজে অ্যাপটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে।
সিনেটের সর্বশেষ প্রতিবেদনের তথ্যানুযায়ী, নিউ প্রোফাইল পিক অ্যাপটিকে বিতর্কিত ফেসঅ্যাপের অনুরূপ ভাবা হচ্ছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা জানান, অ্যাপটির ডেভেলপার মস্কোয় অবস্থান করছে। তবে এর পর পরই অ্যাপটির ডেভেলপার প্রতিষ্ঠান লাইনরক ইনভেস্টমেন্ট লিমিটেডের অবস্থান ভার্জিন আইল্যান্ডে পরিবর্তন করতে দেখা যায়।









