চিপ নির্মাতা কোম্পানিদের আকর্ষণ করতে প্রায় দেড় হাজার কোটি ডলারের তহবিল ঘোষণা করেছে জার্মানি। সম্প্রতি এ তথ্য নিশ্চিত করেন জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক। খবর রয়টার্স।

বৈশ্বিক চিপস্বল্পতা ও সরবরাহ চেইন বিভ্রাটের কারণে গাড়ি নির্মাতা কোম্পানি থেকে শুরু করে টেলিকম, স্মার্টফোন ও পিসি শিল্পে বিপর্যয় নেমে এসেছে। এ সংকট নিরসনে এবং জার্মানিতে চিপ নির্মাতা কোম্পানি আকর্ষণ করতে জার্মান সরকার ১ হাজার ৪৭১ কোটি ডলারের সহায়তা তহবিল ঘোষণা করেছে।

জার্মানির হ্যানোভারে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী হ্যাবেক বলেন, আমরা বেশ বড় অংকের তহবিল গঠন করেছি। 

সাম্প্রতিক চাহিদা বৃদ্ধিতে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) চিপ নির্মাতা কোম্পানিগুলোকে আকর্ষণ করতে নতুন পরিকল্পনা ঘোষণা করেছে ইউরোপীয় কমিশন। গত ফেব্রুয়ারিতে ঘোষিত পরিকল্পনায় চিপ কারখানা স্থাপনে রাষ্ট্রীয় সহায়তা নিশ্চিতে নতুন আইনের প্রস্তাব করেছে ইইউর শীর্ষ তদারক সংস্থাটি।

গত মার্চে জার্মানির ম্যাগডেবার্গ শহরে নতুন একটি চিপ মেকিং কমপ্লেক্স নির্মাণের ঘোষণা দিয়েছে ইন্টেল। এতে ১ হাজার ৭০০ কোটি ডলার বিনিয়োগের কথা জানায় মার্কিন চিপ নির্মাতা কোম্পানিটি। ওই সময়ে সরকারি সূত্রগুলো বলছিল, সেখানে সরকারও বড় অংকের অর্থসহায়তা দেবে।

এর আগে ইতালিতে চিপ নির্মাণ কারখানা স্থাপনে বড় অঙ্কের বিনিয়োগের ঘোষণা দেয় মার্কিন চিপ নির্মাতা জায়ান্টটি। চীন ও তাইওয়ান নির্ভরতা কমানোর লক্ষ্যে সেমিকন্ডাক্টর শিল্পে স্বয়ংসম্পূর্ণ হওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইইউ।