চলতি বছরের জুলাইয়ে ৪৭ হাজার ৫১০ কোটি তাইওয়ানিজ ডলার বা ১ হাজার ৫৮৪ কোটি ডলার আয় করেছে ফক্সকন। ক্লাউড ও নেটওয়ার্কিং ডিভাইসের শক্তিশালী চাহিদায় ভর করে মাসিক সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়ল তাইওয়ানভিত্তিক কোম্পানিটি। স্থানীয় দৈনিক ফোকাস তাইওয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

এক বিবৃতিতে স্থানীয় বাজারে হোন হাই প্রিসিশন ইন্ডাস্ট্রি নামে পরিচালিত প্রতিষ্ঠানটি জানায়, গত জুলাইয়ে তাদের আয় আগের বছরের তুলনায় ১৩ দশমিক ৬৬ শতাংশ বেড়েছে। তবে সমন্বিত বিক্রি গত জুনের তুলনায় ৯ দশমিক ৭১ শতাংশ কমেছে বলে জানিয়েছে ফক্সকন।

২০২২ সালের প্রথম সাত মাসে ফক্সকনের মোট আয় হয়েছে ৩ দশমিক ৩৯ ট্রিলিয়ন তাইওয়ানিজ ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৮ দশমিক ৮৩ শতাংশ বেশি।

হোন হাই বলছে, গত বছরের একই সময়ের তুলনায় তাদের ক্লাউড ও নেটওয়ার্কিং বিভাগের বিক্রিতে দুই অংকের প্রবৃদ্ধি হয়েছে। এ সাত মাসে বিশ্বব্যাপী চাহিদা বেড়েছে সার্ভার ও কম্পিউটিং ডিভাইসগুলোর। এছাড়া স্মার্ট কনজিউমার পণ্যের শক্তিশালী বাজার তাদের রেকর্ড আয় বৃদ্ধিতে সহায়তা করেছে।

আগামী সেপ্টেম্বরে আইফোনের নতুন সংস্করণ বাজারে আসছে। হোন হাই আশা করছে, ওই সময় স্মার্টফোনের বাজার চড়া হবে এবং এর সুবিধা ঘরে তুলবে তারা।