অভ্যন্তরীণ পর্যায়ে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর উৎপাদন খাতে ভর্তুকি দেয়ার জন্য নতুন আইন পাস করেছে সিনেট। নতুন এ আইন চীনের সঙ্গে বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে সহায়তা করবে। পাশাপাশি সংকটের কারণে গাড়ি থেকে শুরু করে সব ধরনের বৈদ্যুতিক ও প্রযুক্তিপণ্য তৈরিতে যে ঘাটতি, সেটির সমাধানে সহায়তা করবে বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সিনেটে পাস হওয়ার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভা দীর্ঘ প্রতিক্ষীত বিলটিতে ভোট দেয়ার পরিকল্পনা নেয়। আশা অনুযায়ী বিলটি পাস হলে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহের শুরুর দিকে নতুন আইনটি স্বাক্ষর করবেন। চিপস অ্যান্ড সায়েন্স আইনের অধীনে যুক্তরাষ্ট্রের চিপ উৎপাদন খাতে ভর্তুকি প্রদানে ৫ হাজার ২০০ কোটি ডলার এবং উৎপাদন কেন্দ্রগুলোয় কর ক্রেডিট বিনিয়োগের অংশ হিসেবে ২ হাজার ৪০০ কোটি ডলারের বেশি দেয়া হবে।

চীনের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার অংশ হিসেবে বৈজ্ঞানিক গবেষণার উন্নয়নে আগামী পাঁচ বছরে ১৭ হাজার কোটি ডলার বিনিয়োগের বিষয়েও আইনে উল্লেখ করা হয়েছে। তবে এসব বিনিয়োগ কার্যকরে কংগ্রেসকে আলাদা আলাদা আইন পাস করতে হবে। সিনেটে ডেমোক্রেটিক পার্টির সংখ্যাগরিষ্ঠ বিভাগের নেতা চাক শুমার বলেন, নতুন আইনটি দেশে ভালো বেতনের কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে। এছাড়া সরবরাহ চেইনের গতি বাড়াবে, পণ্যের দাম কমাবে এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিষয়টিকে আরো সুরক্ষিত করবে।

সিনেটর মার্ক ওয়ার্নার বলেন, বিলটি নতুন আরো ১০-১৫ সেমিকন্ডাক্টর কারখানার অর্থায়নে সহায়তা করবে। আমরা যদি এ বিল পাস না করতাম তাহলে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় কোনো সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্র স্থাপিত হতো না। চীন বিলটির বিরুদ্ধে লবিং করেছে বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।

অন্য এক বিবৃতিতে সিনেটর জন কর্নিন জানান, প্রেসিডেন্ট শি জিনপিং ও কমিউনিস্ট পার্টির জন্য দিনটি দুঃখের। চীনের কাছ থেকে যে খাতে আমরা প্রতিযোগিতার মুখে ছিলাম, সেখানে আমেরিকার ঘুমিয়ে থাকা দৈত্য জেগে উঠেছে। বিলে যেসব আর্থিক সহায়তার বিষয় উল্লেখ করা হয়েছে তার অধিকাংশই নতুন কারখানার জন্য। এসব কারখানা তৈরিতে দুই-তিন বছর সময় লাগবে।

সম্প্রতি বোয়িং জানায়, তারা এখন চিপ সংকটের মধ্যে রয়েছে। জেনারেল মোটরস জানায়, তাদের কাছে এখনো ৯০ হাজারের বেশি অসম্পূর্ণ গাড়ি পড়ে রয়েছে। এগুলোর মধ্যে অধিকাংশই ট্রাক ও এসইউভি। চিপ ও অন্যান্য যন্ত্রাংশের কারণে এগুলোর নির্মাণ শেষ করা যাচ্ছে না। দক্ষিণপূর্ব মিশিগানে অধিকাংশ গাড়ি পার্ক করা অবস্থায় রয়েছে।

আইনপ্রণেতারা জানান, ব্যক্তিগত ব্যবসার জন্য বড় ধরনের কোনো ভর্তুকি দেয়া হবে না। পাশাপাশি তারা জাতীয় নিরাপত্তা বিষয়টিকেও উল্লেখ করেছেন। তবে চীন ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ খাতে অনেক প্রণোদনা দিয়েছে। এক বছরেরও বেশি সময় পর আইনটি কার্যকর হতে যাচ্ছে। এর আগে ২০২১ সালের জুনে সিনেটে আইনটির আরো বিস্তৃত অংশ পাস হলেও হাউজে আটকে ছিল। দুই পক্ষের হতাশ আইনজীবীরা চীনের সঙ্গে প্রতিযোগিতার পাশাপাশি বৈশ্বিক সরবরাহ সংকটের বিষয়টিও দেখেছেন।