বিশ্বব্যাপী ক্লাউড পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে বেশ কয়েকটি চীনা কোম্পানির সঙ্গে আলোচনা করেছে ওরাকল। মার্কিন প্রযুক্তি জায়ান্ট ওরাকলের জাপান ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ব্যবসা বিভাগের প্রধান গ্যারেট ইলগ সম্প্রতি সংবাদমাধ্যমকে এমন তথ্য জানিয়েছেন। নিক্কেই এশিয়াকে দেয়া এক সাক্ষাত্কারে তিনি জানান, ওরাকল বৈশ্বিক পরিষেবা বিস্তারের লক্ষ্যে কিছুসংখ্যক চীনা কোম্পানির সঙ্গে এরই মধ্যে আলোচনা শুরু করছে। ইলগ বলেন, চীনা কোম্পানিগুলো চীনের বাইরে কার্যক্রম সম্প্রসারণের জন্য ওরাকলের ক্লাউড অবকাঠামো ব্যবহার শুরুর কথা বিবেচনা করছে। এ কোম্পানিগুলোর জন্য বিশ্বব্যাপী ডাটা নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য শক্তিশালী ক্লাউড পরিষেবার প্রয়োজন পড়বে। এসব সুবিধা ওরাকল পূরণ করতে পারবে।

অল্প কয়েকদিন আগে বাইটডান্সের মালিকানাধীন জনপ্রিয় শর্ট ভিডিও অ্যাপ টিকটকের সঙ্গে অংশীদারত্বমূলক চুক্তি করেছে ওরাকল। এর পরই মূলত বেশ কয়েকটি চীনা কোম্পানির সঙ্গে ওরাকলের পরিষেবা-সংক্রান্ত আলোচনা জোরদার হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনার মধ্যে টিকটককে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুক্তরাষ্ট্রের ব্যবসা বিক্রির জন্য চাপ দিয়েছিল। গত জুনে টিকটক জানিয়েছিল, আমাদের অ্যাপ, সিস্টেম ও যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত রাখতে ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচারকে ডিফল্ট স্টোরেজ হিসেবে নির্ধারণ করা হয়েছে। ওরাকল তখন টিকটকের মার্কিন ব্যবসার একজন দরদাতা ছিল।

গ্যারেট ইলগ বলেছেন, টিকটকের সঙ্গে অংশীদারত্বের ফলে ওরাকল পরিষেবা অন্যান্য চীনা কোম্পানির কাছে ব্যবসা সম্প্রসারণের সহযোগী হওয়ার আস্থা অর্জন করেছে। তিনি বলেছিলেন, ওরাকল বিভিন্ন সামাজিক, প্রযুক্তি ও উৎপাদন খাতের চীনা কোম্পানির সঙ্গে আলোচনা করছে। কোম্পানিগুলোকে জানানো হয়েছে, ওরাকল ক্লাউড পরিষেবা ভূরাজনৈতিক পরিস্থিতির প্রতি খুবই শ্রদ্ধাশীল।

উল্লেখ্য, ওরাকল বর্তমানে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বিস্তৃত কোম্পানিগুলোর ক্লাউড পরিষেবা প্রদান করে, যার মধ্যে গাড়ি নির্মাতা জায়ান্ট টয়োটা মোটর, কিছু গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠান ও টেলিকমিউনিকেশন কোম্পানিও রয়েছে। পরিষেবার পরিধি বাড়াতে ওরাকল এ অঞ্চলে আরো কিছু ডাটা সেন্টার তৈরির পরিকল্পনা করছে। এরই মধ্যে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ভারত ও সিঙ্গাপুরে কোম্পানিটির বেশকিছু ডাটা সেন্টার রয়েছে।