ফেসবুক-টুইটারের মতো ক্রমাগত স্ক্রলিং সুবিধা নিয়ে আসছে সার্চ জায়ান্ট গুগল। মোবাইল ব্রাউজিং সহজীকরণে ব্যবহারকারীদের জন্য এ সুবিধা আনার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। মোবাইলে গুগলের এ বিশাল আপডেট আনার খবর দিয়েছে আর্স টেকনিকা।
খবরে বলা হয়েছে, সাধারণত কোনো বিষয়ে সার্চ করার সময় গুগল তার প্রথম পাতায় ১০টি লিংক দেখায়। ব্যবহারকারীকে বিষয়টির আরো অনুসন্ধানের জন্য অন্য পাতায় যেতে হয়। এখন থেকে সেটি আর করতে হবে না। ব্যবহারকারীর অনুসন্ধানের বিষয়গুলো গুগল স্বয়ংক্রিয়ভাবে লোড করবে যাতে আপনাআপনি পরবর্তী লিংকগুলো দেখা যায়।
গুগল মনে করছে, ক্রমাগত স্ক্রলিংয়ের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের অনুসন্ধানের বিষয়ে বেশি ফলাফল দেখতে পাবেন এবং তাদের প্রশ্নের উত্তর পেতে আরো সহজ হবে। নতুন এ আপডেট ব্যবহারকারীর সময়ও বাঁচিয়ে দেবে।
এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, কোনো বিষয়ে ব্যবহারকারীরা যদি অতিরিক্ত তথ্য চান, চারটি পাতা পর্যন্ত তারা অনুসন্ধান করতে পারবেন। মোবাইলে কোনো বিষয় অনুসন্ধান করার পর শেষদিকে গুগল ‘শো মোর’
বা ‘সি মোর’
লিঙ্ক পপআপ করে। এখন থেকে সেটি আর থাকছে না। ব্যবহারকারীরা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী পৃষ্ঠায় চলে যেতে পারবেন। পরবর্তী পৃষ্ঠায় যাওয়ার আগে একটি বিজ্ঞাপনও দেখাবে গুগল।
গুগল বলেছে, ইংরেজি বিষয়ে অনুসন্ধানের জন্য নতুন এ বৈশিষ্ট্যটি যুক্তরাষ্ট্রে ধীরে ধীরে কাজ শুরু করছে। এছাড়া অ্যাপ ও ওয়েবসাইটেও বৈশিষ্ট্যটি কাজ করবে।










