গত বছর সংঘটিত এক সাইবার হামলায় ৭ কোটি ৬৬ লাখ গ্রাহকের তথ্য হারায় মোবাইল টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠান টি-মোবাইল। সে ঘটনায় দায়েরকৃত মামলা মীমাংসায় ৩৫ কোটি ডলার দেবে প্রতিষ্ঠানটি।

বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মামলা মীমাংসা ছাড়াও তথ্য সুরক্ষা ব্যবস্থার উন্নয়নে আরো ১৫ কোটি ডলার ব্যয় করবে টি-মোবাইল। প্রাথমিক নিষ্পত্তির বিষয়টি মিসৌরির কানসাস সিটির ফেডারেল আদালতে দায়ের করা হয়েছিল। গ্রাহকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার দায়িত্ব লঙ্ঘন, অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম ওয়্যারলেস নেটওয়ার্ক সংযোগ পরিষেবা প্রতিষ্ঠানটি।

ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠান বেলেভ্যু চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে মীমাংসার জন্য ৪০ কোটি প্রাক কর চার্জ পাওয়ার ব্যাপারে আশা প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জানায় এর আগে তারা চার্জ দেয়ার ও ১৫ কোটি ডলার ব্যয়ের বিষয়টি আর্থিক নির্দেশনায় উল্লেখ করেছে।

গত আগস্টে সাইবার হামলা ও তথ্য চুরির বিষয়টি প্রকাশ্যে আনো টি-মোবাইল। সে সময় প্রতিষ্ঠানটি বর্তমান, পুরনো ও সম্ভাব্য মিলিয়ে ৪ কোটি ৭০ লাখ গ্রাহকের তথ্য চুরির কথা জানিয়েছিল। ধীরে ধীরে এ সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়ে যায়। নভেম্বরে প্রকাশিত প্রতিবেদনে টি-মোবাইল জানায়, তাদের তদন্তে আরো ২ কোটি ৬০ লাখ গ্রাহকের তথ্য চুরির বিষয়টি উঠে এসেছে। চুরি হওয়া তথ্যের মধ্যে গ্রাহকদের নাম, ঠিকানা, জন্মতারিখ, ড্রাইভারের লাইসেন্স এমনকি সামাজিক নিরাপত্তা নাম্বারও রয়েছে।