অনলাইনে ব্রাউজিংয়ের ক্ষেত্রে ব্রাউজারে সবাই কম-বেশি অ্যাডব্লকার এক্সটেনশন ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে অনলাইনে থাকা বিজ্ঞাপনের হাত থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়। কিন্তু যাচাই-বাছাই না করে যেকোনো অ্যাডব্লকার ব্যবহার হিতে বিপরীত ফল দিতে পারে। তাই এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রযুক্তিবিদরা। খবর টেক রাডার।
সম্প্রতি সাইবার নিরাপত্তা ফার্ম ইম্পারভার নিরাপত্তা গবেষকরা একটি নতুন অ্যাড ইনজেকশনের বিস্তারিত প্রকাশ করেছেন। যেখানে গুগল ক্রোম ও অপেরাতে অলব্লক নামের একটি এক্সটেনশন ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীদের শিকারে পরিণত করা হতো।
অ্যাড ইনজেকশন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো প্রকাশকের ওয়েবপেজে অননুমোদিত বিজ্ঞাপন প্রবেশ করানো হয়। যেসব ব্যবহারকারী বা গ্রাহক অবৈধভাবে সাইটে প্রবেশ করে, তারা যেন এসব বিজ্ঞাপনে ক্লিক করে সেজন্য এ কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। ক্ষতিকর ব্রাউজার এক্সটেনশন, ম্যালওয়্যার এমনকি স্টোরড ক্রস সাইট স্ক্রিপটিং (এক্সএসএস) থেকেও অ্যাড ইনজেকশন ছড়াতে পারে।
ই-কমার্সের ক্ষেত্রে একটি প্রতিষ্ঠানের গ্রাহকদের নিজস্ব প্লাটফর্মে নিয়ে আসার জন্য অন্য প্রতিষ্ঠান অ্যাড ইনজেকশন পদ্ধতি ব্যবহার করে থাকে। মূল্যের পার্থক্য-সংক্রান্ত বিজ্ঞাপন ব্যবহারের মাধ্যমে গ্রাহকদের নির্ধারিত ওয়েবসাইট থেকে কোনো কিছু ক্রয় করা থেকে বিরত রাখা সম্ভব হয়। গত আগস্টে ইম্পারভা ল্যাব অজানা ও ক্ষতিকর ডোমেইন বিস্তারের সন্ধান পেয়েছিল। একটি অ্যাড ইনজেকশন স্ক্রিপ্টের মাধ্যমে এটি ছড়ানো হচ্ছিল বলে জানা গেছে।










