আগামী মাসে অনুষ্ঠেয় নির্বাচন সামনে রেখে সাতদিনের মধ্যে বিদ্বেষমূলক মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফেসবুককে নির্দেশ দিয়েছে কেনিয়ার জাতীয় সমন্বয় ও সংহতি কমিশন (এনসিআইসি)। এ সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হলে দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যমটির কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। খবর এনগ্যাজেট।
আন্তর্জাতিক এনজিও গ্লোবাল উইটনেস ও আইনি অলাভজনক প্রতিষ্ঠান ফক্সগ্লোভ ইংরেজি ও সোয়াহিলি ভাষায় জাতিগত সহিংসতা উসকে দেয়ার জন্য ফেসবুক কীভাবে বিজ্ঞাপনগুলোকে অনুমোদন দিয়েছে তার বিশদ বিবরণ প্রকাশ করার পর পরই সংস্থাটির পক্ষ থেকে এ নির্দেশ ও সতর্কবার্তা দেয়া হয়। কেনিয়ার জাতীয় নির্বাচন সামনে রেখে প্রতিষ্ঠানগুলো বিদ্বেষমূলক বক্তব্য প্রচার এবং জাতিগত বিদ্বেষ তৈরিতে ফেসবুকের প্রভাব পর্যালোচনায় সম্মিলিতভাবে কাজ করছে।
প্রকাশিত প্রতিবেদনে গ্লোবাল উইটনেস জানায়, ২০০৭ সালের নির্বাচনের পর কেনিয়ার রাজনৈতিক পরিবেশে মেরুকরণ চলে আসে এবং জাতিগত প্রভাব কাজ করতে শুরু করে। উদাহরণস্বরূপ, সে সময় সংঘাতে ১ হাজার ৩০০ মানুষ নিহত হয় এবং হাজার হাজার মানুষ তাদের বাড়ি ছেড়ে পালিয়ে যায়। ২০০৭ সালের তুলনায় বর্তমানে দেশটিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি। এছাড়া দেশটির মোট জনসংখ্যার ২০ শতাংশ ফেসবুক ব্যবহার করে। যেখানে বিদ্বেষমূলক বক্তব্য ও ভুল তথ্য গুরুত্বপূর্ণ বিষয়।
প্রতিষ্ঠানগুলো কী পরিমাণ বিজ্ঞাপন নিয়ে কাজ করবে সে-সংক্রান্ত পরিষ্কার কোনো তথ্য দেয়নি। তবে বাস্তবে কেনিয়ায় যেসব বিদ্বেষমূলক শব্দ ব্যবহার করা হয় সেগুলো সম্পর্কিত কনটেন্ট নিয়েই পরীক্ষা চালাচ্ছে। এসব কনটেন্টের মধ্যে নির্দিষ্ট আদিবাসীদের সঙ্গে পশুর তুলনা, ধর্ষণের ঘটনা, হত্যা ও শিরশ্ছেদের মতো বিষয় রয়েছে। জরিপে প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে ফেসবুকের মত জানতে চাওয়া হলে মালিকানা প্রতিষ্ঠান মেটা এক পোস্টের মাধ্যমে কেনিয়ার নির্বাচন নিয়ে তাদের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরেছে।
পোস্টে মেটা জানায়, তারা আরো উন্নত কনটেন্ট শনাক্তকরণ প্রযুক্তি তৈরি করেছে এবং সোয়াহিলিভাষীদের একটি দল তৈরি করেছে, যারা প্লাটফর্ম থেকে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিকর কনটেন্ট অপসারণে কাজ করবে। ফেসবুক আসলেই এসব পরিবর্তন কার্যকর করেছে কিনা তা শনাক্তে প্রতিষ্ঠানগুলো পুনরায় তাদের পরীক্ষাধীন বিজ্ঞাপনগুলো জমা দিয়েছে।
উইটনেস ও ফক্সগ্লোভের কাছে পাঠানো এক চিঠিতে মেটা জানায়, আসন্ন নির্বাচন উপলক্ষে আমরা শনাক্তকরণ ও কনটেন্ট তদারকি কার্যক্রম ও পরিধি বাড়িয়েছি।










