চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বাংলালিংক দুই অংকের প্রবৃদ্ধি অর্জন করেছে। বাংলালিংকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান ভিওন’র সর্বশেষ প্রান্তিক ফলাফলের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। দ্বিতীয় প্রান্তিকে মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানটির মোট আয় ১ হাজার ৩১৫ কোটি টাকা, যা ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ১১ দশমিক ১ শতাংশ বেশি।
প্রান্তিক ফলাফলের প্রতিবেদনে প্রতিষ্ঠানটি জানায়, আগের বছরের একই সময়ের তুলনায় ডেটা থেকে ২২ দশমিক ৫ শতাংশ আয় বৃদ্ধি পেয়েছে। ফোর-জি ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৩৬ দশমিক ৩ শতাংশ, যা এই প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রেখেছে। বাংলালিংক গ্রাহকদের ডেটা ব্যবহারও আগের বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় ৩০ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
দেশজুড়ে দ্রুততম ইন্টারনেট পৌঁছে দিতে বাংলালিংকের ফোর-জি নেটওয়ার্ক সম্প্রসারণের উদ্যোগ চলমান রয়েছে। আগের বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় প্রতিষ্ঠানটির ফোর-জি সাইটের সংখ্যা ৩৫ দশমিক ১ শতাংশ বেড়ে ১২ হাজার ৭০০-তে পৌঁছেছে।
প্রতিষ্ঠানটি জানায়, বাংলালিংকের ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফির ভালো ফলাফলও অব্যাহত রয়েছে। আগের বছরের তুলনায় ৩৬ দশমিক ৮ শতাংশ বেড়ে প্ল্যাটফর্মটির মাসিক ব্যবহারকারীর সংখ্যা ৬৮ লাখে পৌঁছেছে। এছাড়া টফিতে দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের সংখ্যাও বেড়েছে। আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৯৮ দশমিক ৪ শতাংশ বেড়ে দৈনিক সক্রিয় ব্যবহারকারীদের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লাখে।
এই প্রবৃদ্ধির বিষয়ে বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা এরিক অস বলেন, ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকের ফলাফল ডিজিটাল অপারেটর হিসাবে বাংলালিংকের ক্রমোন্নতির নতুন উচ্চতাকে প্রতিফলিত করছে। গত বছরের প্রতিশ্রুতি অনুসারে আমরা এই প্রান্তিকে দুই অংকের প্রবৃদ্ধি অর্জন করেছি। এছাড়া ২০২২-এর দ্বিতীয় প্রান্তিক আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, এই সময়ে আমরা বন্যা-আক্রান্ত এলাকায় নানা প্রতিকূলতার মধ্যেও নেটওয়ার্ক সচল রাখতে পেরেছি। আমরা এই প্রান্তিকের ফলাফলে অনুপ্রাণিত এবং ভবিষ্যতে প্রবৃদ্ধির এই ধারাকে অব্যাহত রাখতে চাই। বাংলালিংক গ্রাহকদের দ্রুততম ইন্টারনেট এবং মানসম্পন্ন ডিজিটাল সেবা প্রদান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
বাংলালিংক নেদারল্যান্ডসভিত্তিক সংযোগ প্রদানকারী প্রতিষ্ঠান ভিওন লিমিটেডের একটি সহযোগী প্রতিষ্ঠান, যা নাসডাক ও ইউরোনেক্সটের তালিকাভুক্ত।










