ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য প্রক্রিয়াকরণের মধ্যে নিরাপত্তা ঝুঁকির বিষয় শনাক্তে গত বছর হেলসিঙ্গর শহরকে নির্দেশ দিয়েছিল ডেনমার্ক সরকার। এর পরবর্তী পদক্ষেপের অংশ হিসেবে এবার স্কুলগুলোয় ক্রোমবুক ও ওয়ার্কস্পেস ব্যবহার নিষিদ্ধ করেছে দেশটির সরকার। খবর গিজচায়না।
গত সপ্তাহে প্রকাশিত এক রায়ে, ডেনমার্কে তথ্য সুরক্ষা সংস্থা ডাটাটিলসাইনেট জানায়, গুগল ক্লাউডভিত্তিক ওয়ার্কস্পেস সফটওয়্যার স্যুট (জিমেইল, গুগল ডকস, ক্যালেন্ডার ও গুগল ড্রাইভ) ব্যবহারের ক্ষেত্রে শিক্ষার্থীদের তথ্য যেভাবে সংরক্ষণ বা প্রক্রিয়াজাত করা হয়েছে, সেখানে ইউরোপীয় ইউনিয়নের জিডিপিআর তথ্য সুরক্ষা নীতি অনুসরণ করা হয়নি। এ পরিপ্রেক্ষিতে ডেনমার্ক সরকার স্কুলগুলোয় গুগলের ক্রোমবুক ও ওয়ার্কস্পেস ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে।
মূলত কর্তৃপক্ষ জানতে পারে, তথ্য প্রক্রিয়াজাতের ক্ষেত্রে গুগলের যে শর্তাবলি, সেখানে সাপোর্ট পরিষেবার জন্য ব্যবহারকারীদের তথ্য অন্য দেশে পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে। তথ্য যদি গুগলের ইইউ ডাটা সেন্টারেও থাকে, তাহলেও প্রতিষ্ঠানটি তথ্য স্থানান্তর করতে পারবে। ডেনমার্কের স্কুলগুলোয় গুগলের ক্রোমবুক ল্যাপটপ ও ওয়ার্কস্পেসের ব্যবহার দীর্ঘদিন থেকে চলে আসছে।
২০২০ সালে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা লঙ্ঘন শীর্ষক প্রতিবেদনের অংশ হিসেবে ডাটাটিলসাইনেট হেলসিঙ্গর শহরের জন্য ঝুঁকি মূল্যায়ন পরীক্ষা করে। বর্তমানে শুধু এ শহরের স্কুলগুলোর জন্য সিদ্ধান্ত নেয়া হলেও সংস্থাটির তথ্যানুযায়ী ধীরে ধীরে অন্যান্য শহরেও গুগল ক্রোমবুক ও ওয়ার্কস্পেস ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে সূত্রে জানা গেছে।
নিষেধাজ্ঞার বিষয়ে গুগলের এক মুখপাত্র জানান, স্কুলের শিক্ষার্থীরা যে বৈধ ও নিরাপদ প্রযুক্তি ব্যবহার করতে চাই সে বিষয়ে আমরা অবগত। সে কারণে বছরের পর বছর গুগল ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে বিনিয়োগ এবং সতর্কভাবে যেকোনো ঝুঁকির বিষয় মূল্যায়ন করে এসেছে। জেনারেল ডাটা প্রটেকশন রেগুলেশনের সঙ্গে সমন্বিতভাবে আমরা কীভাবে কাজ করছি সেটি সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে আমাদের সব নথি সবার জন্য উন্মুক্ত।










