কোয়ান্টাম ইনফরমেশন টেকনোলজি গ্রুপ প্রতিষ্ঠায় ৩০০ কোটি ইউয়ান বা ৪৩ কোটি ৪০ লাখ ডলার বিনিয়োগ করছে চায়না টেলিকম করপোরেশন। চীনের রাষ্ট্র মালিকানাধীন টেলিযোগাযোগ কোম্পানিটি সম্প্রতি তাদের অফিসিয়াল উইচ্যাট অ্যাকাউন্টে এক লিখিত বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

উইচ্যাটে দেয়া বিবৃতিতে বলা হয়, চীনের পূর্বাঞ্চলীয় আনহুই প্রদেশে চায়না টেলিকম কোয়ান্টাম ইনফরমেশন টেকনোলজি গ্রুপ প্রতিষ্ঠা করবে। নতুন এ প্রতিষ্ঠানটি কোয়ান্টাম প্রযুক্তির বিকাশ, কোয়ান্টাম পণ্য আপডেটের গতি বাড়ানো এবং দেশব্যাপী শিল্প খাতটিকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেবে।

কোয়ান্টাম প্রযুক্তি বিকাশের ক্ষেত্রে চীনের টেলিযোগাযোগ কোম্পানির এমন বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের পদক্ষেপ কোয়ান্টাম কম্পিউটিংয়ের শক্তিকে কাজে লাগানোর জন্য এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বেইজিংয়ের উচ্চাকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।

চায়না টেলিকম তাদের বিবৃতিতে বলেছে, এ বিনিয়োগ কোয়ান্টাম প্রযুক্তির উন্নয়নে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পরিকল্পনা এবং নির্দেশনা পুঙ্খানুপুঙ্খ যাচাই ও বাস্তবায়নের একটি ব্যবহারিক পদক্ষেপ। এর আগে, গত ডিসেম্বরে ৯০ কোটি গ্রাহকসমৃদ্ধ বিশ্বের বৃহত্তম টেলিকম অপারেটর চায়না মোবাইল স্টার্টআপ প্রতিষ্ঠান অরিজিন কোয়ান্টামের সঙ্গে একটি চুক্তি সই করে। ফাইভজি ও সিক্সজি প্রযুক্তির সমস্যা সমাধানের লক্ষ্যে ওই চুক্তিটি সম্পন্ন হয়।