উইন্ডোজ কম্পিউটার ও বিজনেসের পাশাপাশি বর্তমানে সব ধরনের ডিভাইসের জন্য ডিফেন্ডার সিকিউরিটি টুল উন্মুক্ত করেছে মাইক্রোসফট। নতুন সিকিউরিটি টুলটি মাইক্রোসফট ৩৬৫ সাবস্ক্রাইবারদের একটি অনলাইন টুল ব্যবহারের সুবিধা দেবে। যেটি বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে। খবর এনগ্যাজেট।
বর্তমানে অ্যান্ড্রয়েড, আইওএস ও ম্যাকওএসে উইন্ডোজের অ্যান্টি-ম্যালওয়্যার সেফগার্ড ব্যবহার করা যাবে। এটি ব্যবহারের মাধ্যমে সিকিউরিটি অ্যালার্টের পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধান ও টিপসও পাওয়া যাবে। একজন ব্যবহারকারী বর্তমানে সেন্ট্রাল ড্যাশবোর্ড থেকে পুরো পরিবারের নিরাপত্তা বিষয়টি দেখভাল করতে পারবেন। সেই সঙ্গে বর্তমানে ব্যবহূত অ্যান্টিভাইরাস সিস্টেম সম্পর্কে জানতে পারবেন।
মাইক্রোসফট জানায়, যেসব আইওএস ও উইন্ডোজ ডিভাইসে আগে থেকেই এ ফিচার ছিল, তারা নতুন ম্যালওয়্যার সুরক্ষা সুবিধা পাবে না। সব ধরনের ডিভাইসের জন্য উন্মুক্ত ডিফেন্ডার সিকিউরিটি টুলটি বর্তমানে মাইক্রোসফট পারসোনাল ও ফ্যামিলি প্ল্যানের সঙ্গে অধিকাংশ দেশেই বিদ্যমান। যুক্তরাষ্ট্রে একটি ব্যক্তিগত অ্যাকাউন্টে এসব পরিষেবা ব্যবহারে প্রতি বছর ৭০ ডলার ফি দিতে হয়।
বিবৃতিতে মাইক্রোসফট জানায়, এটি তাদের বিভিন্ন প্রচেষ্টার প্রাথমিক দিক মাত্র। ভবিষ্যতে আইডেনটিটি বা পরিচয় চুরি রোধসহ নিরাপদ কানেকশনের ফিচারও চালু করবে। তবে এতে আগের নিরাপত্তা ব্যবস্থাগুলোয় কোনো ধরনের পরিবর্তন আসবে না।
বর্তমানে মানি লন্ডারিংসহ অন্যান্য ডিজিটাল অপরাধের বিপরীতে মাইক্রোসফটের পক্ষ থেকে কোনো নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি।










